৭ই এপ্রিল থেকে কর্মবিরতিতে যাচ্ছে টলিপাড়া, আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলিতে। সূত্র মারফত জানা যাচ্ছে, অধিকাংশ সিরিয়ালেরই পর্যাপ্ত ‘ব্যাংকিং’ (আগাম শুটিং করা পর্বের মজুত) নেই।

শেষ আপডেট: 6 April 2026 16:27
দেবারতি চক্রবর্তী ও জয়িতা চন্দ্র
সোমবার, ৬ এপ্রিল। এদিন আর পাঁচটা দিনের থেকে স্টুডিও পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। কারণ রাত পোহালেই শুরু হচ্ছে শিল্পীদের কর্মবিরতি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee News) মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। প্রতিবাদে গর্জে ওঠে টলিপাড়া। আর সেই সূত্রেই এবার কর্মবিরতির পথে শিল্পীরা। রবিবার সন্ধ্যায় এই ঘোষণা সামনে আসে। তারপর থেকেই ধারাবাহিকের শুট নিয়ে তড়িঘড়ি ব্যস্ততা বাড়ে। ধারাবাহিক মানেই অধিকাংশ ক্ষেত্রে দিন আনা দিন খাওয়ার মতো। অনেক ক্ষেত্রেই ব্যাংকিং খুব বেশি থাকে না। ফলে সোমবার সকাল-সকাল শুরু হয়ে গেল শুটিং।
৭ই এপ্রিল থেকে কর্মবিরতিতে যাচ্ছে টলিপাড়া, আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলিতে। সূত্র মারফত জানা যাচ্ছে, অধিকাংশ সিরিয়ালেরই পর্যাপ্ত ‘ব্যাংকিং’ (আগাম শুটিং করা পর্বের মজুত) নেই। ফলে আজ যতটা শুটিং করা সম্ভব, ততটাই করার চেষ্টা চলছে প্রতিটি সেটে।
সোমবার সকাল থেকেই টলিপাড়ার বিভিন্ন স্টুডিয়োতে ব্যস্ততার চরম ছবি ধরা পড়েছে। একাধিক ইউনিট একসঙ্গে শুটিং শেষ করার তাড়ায় মরিয়া। কারণ, আজকের পর পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, সোমবার ডবল শিফটে কাজ চলছে। অধিকাংশ ক্ষেত্রেই সেভাবে কোনও ব্যাংকিং নেই। ফলে প্রতিটা সেটেই ব্যস্ততা তুঙ্গে।
শোনা যাচ্ছে, ‘দাদামনি’, ‘আনন্দী’, ‘ভালোবাসায় রং রুট’, ‘বৃন্দাবন বিলাসিনী’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকেরই হাতে খুব বেশি পর্ব মজুত নেই। অর্থাৎ, কর্মবিরতি দীর্ঘস্থায়ী হলে টেলিভিশনের পর্দায় প্রভাব পড়া সময়ের অপেক্ষা মাত্র।
এখন সবকিছুই নির্ভর করছে আজকের শুটিং কতটা সম্পূর্ণ করা যায় তার উপর। যদি নির্ধারিত কাজ শেষ করা না যায়, তবে দর্শকরা আর কতদিন তাঁদের প্রিয় ধারাবাহিকগুলি নিয়মিত দেখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।