নতুন বছর ২০২৬ শুরু হতেই সুখবর। মুম্বইয়ে ঘরোয়া অনুষ্ঠানে হবু স্বামী বিগ্নেশ আইয়ারের সঙ্গে আংটি বদল সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 30 January 2026 17:44
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর ২০২৬ শুরু হতেই তারকাদের ব্যক্তিগত জীবনে একের পর এক সুখবর সামনে আসছে। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। আর এই আবহেই জীবনের নতুন অধ্যায়ের পথে আরও এক ধাপ এগোলেন বঙ্গ কন্যা অদ্রিজা রায় (Adrija Roy engagement)।
কিছুদিন আগেই মুম্বইয়ে ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অদ্রিজা। সেই অনুষ্ঠানের ছবিও ইতিমধ্যেই নজর কেড়েছিল নেটদুনিয়ায়। এবার আংটি বদলের মুহূর্তের আরও কিছু ছবি নিজেই ভাগ করে নিলেন অভিনেত্রী। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করলেও হিন্দি সিরিয়াল ‘অনুপমা’-য় অভিনয়ের সুবাদে সর্বভারতীয় পরিচিতি পেয়েছিলেন অদ্রিজা। এবার সেই জনপ্রিয় অভিনেত্রীই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
বাগদানের প্রথম পর্বে একেবারে দক্ষিণী সাজে ধরা দিয়েছিলেন অদ্রিজা। আর আংটি বদলের দিনে বেছে নেন ওয়েস্টার্ন লুক। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সিক্যুয়েন্স ও পাথরের কাজ করা হালকা বেইজ রঙের গাউনে সেজে উঠেছেন তিনি। অন্যদিকে, হবু স্বামী বিগ্নেশ আইয়ার নেভি ব্লু রঙের পাথরের কাজ করা জ্যাকেট ও ট্রাউজারে ছিলেন বেশ স্মার্ট। দু’পাশে মোমবাতি, গোলাপি গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে তাঁদের এন্ট্রি যেন আরও রোম্যান্টিক করে তোলে মুহূর্তটিকে।
কখনও ছবিতে দেখা যায়, হাঁটু মুড়ে বসে একে অপরকে আংটি পরাচ্ছেন তাঁরা। আবার কোনও ছবিতে বিগ্নেশের কোলে অদ্রিজা, কোথাও বা অভিনেত্রীর হাতে চুমু খাচ্ছেন হবু বর। এই বিশেষ দিনে তাঁদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। অদ্রিজার বান্ধবী দেবচন্দ্রিমাও অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন। সেই দিন সাদা ও গোলাপি রঙের পাথরের কাজ করা গাউনে সেজে উঠেছিলেন দেবচন্দ্রিমা।
অদ্রিজার হবু স্বামী বিগ্নেশ আইয়ার দক্ষিণ ভারতীয়। গত ২৫ জানুয়ারি মুম্বইয়ের একটি খামার বাড়িতে বাগদান পর্ব সম্পন্ন হয় তাঁদের। এর আগেও অদ্রিজা যে বাগদানের ছবিগুলি পোস্ট করেছিলেন, সেখানে তাঁকে লাল রঙের কাঞ্জিভরম শাড়িতে, মানানসই গয়না ও ফুলের অলংকারে একেবারে দক্ষিণী ঐতিহ্যের সাজে দেখা গিয়েছিল।
প্রেমের গল্প প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অদ্রিজা জানিয়েছিলেন, এক বন্ধুর মাধ্যমেই তাঁদের পরিচয়। প্রথম দেখাতেই একে অপরকে ভালো লেগে যায়। পরে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে, সেখান থেকেই সম্পর্কের শুরু। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। বিয়ে নিয়েও তিনি আগেই জানিয়েছিলেন, দুই পরিবারের মতামত ও নিয়ম মেনেই জীবনের এই নতুন অধ্যায় শুরু করবেন।