খবর ছড়াতেই ‘একেন বাবু’-র ভক্তদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
শেষ আপডেট: 6 December 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জ ব্রিজের নীচে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Actor Anirban Chakraborty, accident in Tollygunge)।
শনিবার সকালে চারুমার্কেট থেকে রাসবিহারির দিকে যাওয়ার পথে তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। চূর্ণবিচূর্ণ হয়ে যায় সামনের কাচ। খবর ছড়াতেই ‘একেনবাবু’-র ভক্তদের মধ্যে মুহূর্তে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
এখন কেমন আছেন অভিনেতা?
অনির্বাণ নিজেই আশ্বস্ত করেছেন সবাইকে। সংবাদমাধ্যমকে বলেন, “আমি ঠিক আছি। গাড়ির চালকও সুস্থ আছে।” তবে গাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
অভিনেতার কথায়, “টালিগঞ্জ ব্রিজের নীচে আচমকা একটি গাড়ি চলে আসে সামনে। তাকে বাঁচাতে গিয়েই বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাসচালক ভীষণ উদ্ধত আচরণ করেন। পুরো দোষ আমাকেই দিতে থাকেন। এমনকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি বাধা দিই।”
ঘটনার পর অনির্বাণ প্রথমে টালিগঞ্জ থানা এবং পরে চারুমার্কেট থানায় অভিযোগ জানান। পুলিশের তরফে তাঁকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে বলে জানান অভিনেতা। অনুষ্ঠানমুখী অভিনেতাকে শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হয়েছে। বাসচালকের ভূমিকা সহ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।