নব্বইয়ের দশকে বলিউড মানেই নস্ট্যালজিয়ার মুড়ে থাকা এক স্বর্ণযুগ। সেসময়ের ছবিগুলি যেন আজও দর্শকের কাছে নতুনের মতো লাগে।

আমির খান ও করিশ্মা কাপুর
শেষ আপডেট: 18 June 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউড মানেই নস্ট্যালজিয়ার মুড়ে থাকা এক স্বর্ণযুগ। সেসময়ের ছবিগুলি যেন আজও দর্শকের কাছে নতুনের মতো লাগে। এমনই এক সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’, যেখানে প্রেম, অনুভব আর পর্দার রসায়ন আজও দর্শকের মনে অমলিন। আর এই ছবির অন্যতম চর্চিত মুহূর্ত—আমির খান ও করিশ্মা কাপুরের সেই রোম্যান্টিক চুমুর দৃশ্য, যা আজও বলিউড ইতিহাসের এক আইকনিক অধ্যায়।
ছবির প্রথমভাগে দেখা মিষ্টি প্রেম ধীরে ধীরে রোম্যান্সে পরিণত হয়, আর সেই আবেগ চূড়ান্ত রূপ পায় এক বৃষ্টিভেজা চুম্বনে। ঝরঝর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমির ও করিশ্মার সেই চুমু শুধুই এক দৃশ্য ছিল না, বরং হয়ে উঠেছিল নয়ের দশকের দর্শকের জন্য এক রোম্যান্টিক স্মারক। পর্দার ওই চার মিনিটের দৃশ্য আজও চোখে ভাসে দর্শকের।
তবে পর্দার বাইরের গল্পটা ছিল অনেক জটিল। সেই রোম্যান্টিক দৃশ্যের শুটিং হয়েছিল ঠান্ডায় কাঁপতে থাকা উটি শহরে, ফেব্রুয়ারি মাসে। টানা তিনদিন ধরে চলেছিল একটিমাত্র চুম্বনের শুটিং। ঠিকমতো টেক না আসায় পরিচালক বারবার দৃশ্যটি রিশুট করাতেন। শীত, বৃষ্টি আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু’জন শিল্পী ক্লান্ত হলেও থেমে যাননি।
সামনে রাখা পাখার ঠান্ডা হাওয়া যেন আরও বাড়িয়ে তুলেছিল তাঁদের দুর্দশা। তবু অভিনেতারা হাল ছাড়েননি, আর অবশেষে তৈরি হয়েছিল এক ম্যাজিকাল মুহূর্ত। আজ যখন বলিউডের রোম্যান্সের দৃশ্যগুলিকে মনে করা হয়, তখন ‘রাজা হিন্দুস্তানি’-র সেই চুম্বনের দৃশ্য অনায়াসে উঠে আসে শীর্ষে।