বলিউড সুপারস্টার আমির খান জানালেন, তাঁর মা জিনাত হুসেন এবার বলিউডে পা রাখছেন। ১৩ জুন ৯১ বছর পূর্ণ করবেন তিনি, আর তারই সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাঁর প্রথম সিনেমার অভিষেক—‘সিতারে জমিন পার’।

জিনাত হুসেন
শেষ আপডেট: 7 June 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার আমির খান জানালেন, তাঁর মা জিনাত হুসেন এবার বলিউডে পা রাখছেন। ১৩ জুন ৯১ বছর পূর্ণ করবেন তিনি, আর তারই সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাঁর প্রথম সিনেমার অভিষেক—‘সিতারে জমিন পার’। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির পরিচালক আর এস প্রসন্না বিশেষ অনুরোধ করার পরেই তা সম্ভব হয়েছে। আমিরকে অনুরোধ করেন তিনি, আমির সেই অনুরোধ রাখেন জিনাত আক্তারের কাছে। আমিরের বোন নিখত খানও এই ছবিতে থাকছেন বলে জানা গিয়েছে।
আমির জানান, ‘সিতারে জমিন পার’ ছবির শুটিং চলাকালীন, মায়ের কোনওদিন শুটিং সেটে যাওয়া হয়নি। একদিন জিনাত জানতে চান, শুটিং কোথায় হচ্ছে আর কেমন চলছে। আমির বলেন, “প্রসন্না আমার কাছে এসে বললেন, ‘স্যার, আপনি যদি মানা না করেন, আম্মিজিকে কি ওই শটে নেওয়া যাবে? এটা ছবির শেষ গান, বিয়ের উৎসবের দৃশ্য। তিনি অতিথিদের মধ্যে একজন হতে পারেন। এটা আমার খুবই ভাল লাগবে, আমি চাই তিনি ছবিতে থাকুন।’
এমন অনুরোধে আমির খান অবাক হয়ে বলেন, “আমি বললাম, ‘তুমি পাগল হয়ে গেছ? আমার সাহস হবে না মাকে বলতে যে, ছবি শুট করো, শট দাও। তিনি খুব জেদী। শুনবেন না। সময় নষ্ট করো না।’ তিনি বারবার অনুরোধ করলেন অন্তত একবার জিজ্ঞাসা করতে। আমি গেলাম মায়ের কাছে বললাম, ‘প্রসন্না বলছেন, আপনি একটা শট দিতে পারেন অতিথি হিসেবে।’ তখন মা বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে।’ আমি অবাক! তাই মা এই ছবিতে এক বা দুই শটে আছেন। এটা আমার একমাত্র ছবি যেখানে তিনি ছিলেন।”
এই ছবিতে আমিরের বিপরীতে আছেন জেনেলিয়া দেশমুখ, যিনি তাঁর প্রেমিকা চরিত্রে থাকবেন। এছাড়াও আছেন আরুষ দত্তা, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্রা, ঋষি শাহানি, ঋষভ জৈন, আশিষ পেন্ডসে, সাম্বিত দেশাই, সিমরান মাঙ্গেশকর ও আয়ুষ ভানসালি। আমির খানের প্রোডাকশন হাউসের এই সিনেমাটি আগামী ২০ জুন মুক্তি পাবে।