বছর চারেক আগে গায়ক বাদশা এবং জ্যাসমিন ম্যাসির মধ্যে বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা চলেছে।

বাদশা ও ডুয়া লিপা
শেষ আপডেট: 7 June 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: বছর চারেক আগে গায়ক বাদশা এবং জ্যাসমিন ম্যাসির মধ্যে বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা চলেছে। সম্প্রতি ইশা রিখির সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠলেও, এবার বাদশার একটি মন্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে।
সম্প্রতি বাদশা তাঁর এক্স-হ্যান্ডেল থেকে জনপ্রিয় গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এক ভক্ত জিজ্ঞেস করেন, "আপনি কি ডুয়া লিপারের সঙ্গে গান বানাতে যাচ্ছেন?" বাদশার উত্তর ছিল, "তার থেকে বরং আমি ওঁর সন্তানের বাবা হতে চাই।" এরপর থেকে গায়ক কোনও প্রতিক্রিয়া দেননি, যা নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে।
বাদশার ব্যক্তিগত জীবনে ফিরে গেলে দেখা যায়, বছর চারেক আগে তিনি এবং জ্যাসমিন ম্যাসি বিচ্ছেদের পথে হাঁটেন। এক সাক্ষাৎকারে বাদশা বলেছিলেন, “আমরা দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমাদের দাম্পত্য জীবন তখন অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল, যা সন্তানের ওপর প্রভাব ফেলছিল। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র সন্তানের ভাল থাকার জন্য।”
এদিকে, পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বাদশার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। যদিও বাদশা একসময় বিয়ের কথা অস্বীকার করেন, তবে তাদের সম্পর্ক নিয়ে আজও অনেক কথাই হয় নেটদুনিয়ায়।