অরিজিৎ-কে ঘিরে মনের কোণে জমতে থাকা শত শত প্রশ্নের উত্তর এখনও কারও জানা নেই। তারই মাঝে আরও এক চমক। বলিউডের পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) হাজির হলেন জিয়াগঞ্জে।
.jpg.webp)
শেষ আপডেট: 2 February 2026 14:09
দ্য ওয়াল ব্যুরো: বেশকিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh))। বাংলার ছেলের আচমকা প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত যেন মেনে নিতে পারছে না গোটা দেশ। তারপর থেকেই একে একে এই প্রসঙ্গে মুখ খুলছেন সিনেদুনিয়ার সদস্যরা। পাশাপাশি অনুরাগীদের পোস্টে জোয়ার নামে সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎ-কে ঘিরে মনের কোণে জমতে থাকা শত শত প্রশ্নের উত্তর এখনও কারও জানা নেই। তারই মাঝে আরও এক চমক। বলিউডের পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) হাজির হলেন জিয়াগঞ্জে। ভিন্ন ধারার দুই শিল্পীকে এক সুতোয় বেঁধে ফেলেছে একটি গোপন সাক্ষাৎ—যা এখন সঙ্গীত ও সিনেমা জগতের অন্দরমহলে কৌতূহলের বিষয়।
সূত্রের খবর, সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন আমির খান। রবিবার রাতে আমির কলকাতায় পৌঁছন বলে খবর। রাতেই অরিজিতের সঙ্গে দেখা করেন তিনি। রবিবার বহরমপুরের একটি হোটেলে রাত্রীবাস করেন অভিনেতা। পরদিন, অর্থাৎ সোমবার, তিনি আবারও দেখা করবেন অরিজিতের সঙ্গে। সূত্রের খবর, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে দুপুরের পর পৌঁছানোর কথা। দুই শিল্পীর এই গোপন সাক্ষাৎ নিঃসন্দেহে কৌতূহল বাড়িয়েছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে। যদিও ঠিক কী কারণে এই বৈঠক, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
আমির খান এবং অরিজিৎ সিং—দু’জনেই নিজেদের কাজে নিখুঁত। আমির যেমন বছরে হাতে গোনা কয়েকটি ছবিতেই কাজ করছেন বর্তমানে, তেমনই অরিজিৎ জনপ্রিয়তার শীর্ষে থেকেও প্রচারের আলো এড়িয়ে চলতে ভালোবাসেন, তা প্রমাণও করলেন। ফলে এই সুই শিল্পীকে একই ছকে ফলতে খুব একটা অসুবিধে হয় না।
দু’জনের পেশাগত সম্পর্কের সূত্রপাত হয়েছিল অনেক আগেই। আমির খানের ছবিতে অরিজিতের কণ্ঠে গান দর্শক-শ্রোতাদের কাছে আলাদা আবেগ তৈরি করেছে। সংযত অথচ গভীর আবেগপূর্ণ গায়কীর জন্য অরিজিতের কণ্ঠ আমিরের ছবির আবহের সঙ্গে নিখুঁতভাবে মিশেছে একাধিকবার। সূত্রের দাবি, আমির ব্যক্তিগতভাবেও অরিজিতের গানের বড় ভক্ত এবং গানের রেকর্ডিংয়ের সময় গায়কের সঙ্গে সরাসরি আলোচনা করতেই স্বচ্ছন্দ বোধ করেন।
কাজের বাইরেও এই দুই তারকার যোগাযোগ রয়েছে। বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ ও সৃজনশীল আলোচনায় তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি শোনা গিয়েছিল, আমির খানের আগামী কোনও এক প্রজেক্টে অরিজিৎ সিংয়ের জন্য বিশেষভাবে একটি গান ভাবা হচ্ছিল। সেই গুঞ্জনের মধ্যেই অরিজিতের অবসরের ঘোষণা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, এই ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিয়েই হয়তো দু’জনের মধ্যে আলোচনা হয়েছে জিয়াগঞ্জে। পাশাপাশি অরিজিতের পরিচালনায় আসার প্রসঙ্গও হতে পারে আলোচনার বিষয়।
সব মিলিয়ে, অরিজিৎ সিংয়ের সিদ্ধান্ত ও আমির খানের এই আকস্মিক সাক্ষাৎ—দু’টিই এখন বলিউড ও সঙ্গীতজগতের সবচেয়ে আলোচিত বিষয়। এর পরের অধ্যায় কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।