গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্ত ও বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড সুপারস্টার আমির খান।
.jpeg.webp)
গৌরী স্প্র্যাট ও আমির খান
শেষ আপডেট: 22 January 2026 18:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan) ও গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সম্পর্ক আর কোনও গোপন বিষয় নয়। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং গত বছর নিজেই সেই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন আমির। এবার সেই সম্পর্ক নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছে। খুব শীঘ্রই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। মুম্বইয়ের একটি নতুন বাড়িতে একসঙ্গে থাকার পরিকল্পনাও চূড়ান্ত। সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নতুন ঠিকানাটি এমন এলাকাতেই হবে, যেখানে আমিরের পরিবারের অন্যান্য সদস্যরাও কাছাকাছি থাকবেন।
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, এই মুহূর্তে তাঁর জীবন বেশ ব্যস্ত এবং একই সঙ্গে চ্যালেঞ্জে ভরা। নিজের প্রযোজনায় তৈরি ছবি ‘হ্যাপি প্যাটেল’-এর কাজের মাঝেই চলছে বাড়ি বদলের প্রস্তুতি। অভিনেতার কথায়, “সবকিছু একসঙ্গে ঘটছে, তাই মাঝে মাঝে একটু পাগলামির মতো মনে হচ্ছে।” তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আপাতত বিয়ের কোনও তাড়া নেই। আমির বলেন, “গৌরী এবং আমি আমাদের সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস। আমরা একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি নিজেকে এমনিতেই ওর সঙ্গে বিবাহিত মনে করি। আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত ভবিষ্যতেই নেব।”
ব্যক্তিগত জীবনে আমির খানের বিবাহিত জীবনের অভিজ্ঞতা নতুন নয়। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান, মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে, আজাদ রাও খান, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তবুও রীনা ও কিরণ, দু’জনের সঙ্গেই সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন আমির।
২০২৫ সালের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেতা। জানান, প্রায় ২৫ বছর আগে প্রথমবার গৌরীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে পারিবারিক সূত্রেই আবার তাঁদের যোগাযোগ তৈরি হয়। আমিরের কথায়, “আমি ভাগ্যবান যে জীবনে গভীর ও শক্তিশালী সম্পর্কের অভিজ্ঞতা হয়েছে আমার। গৌরীর সঙ্গে আমি অনেকটাই স্থির হয়েছি, এক ধরনের শান্তি অনুভব করি।”