ভয়াবহ বাইক দুর্ঘটনার পরেই কি বলিউড ছেড়ে দিয়েছিলেন বিবেক ওবেরয়? দীর্ঘদিনের জল্পনায় ইতি টেনে মুখ খুললেন অভিনেতা নিজেই।

বিবেক ওবেরয়
শেষ আপডেট: 21 January 2026 22:56
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই রুপোলি পর্দা থেকে দূরে অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। তাঁর হঠাৎ অন্তর্ধান নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কেউ বলেছেন, গুরুতর দুর্ঘটনার পর শারীরিক অসুস্থতার কারণেই তিনি নাকি অভিনয় জগৎ থেকে সরে গিয়েছেন। এ বার সেই সব জল্পনার সরাসরি জবাব দিলেন অভিনেতা নিজেই (Bollywood News)।
চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেই বরাবর সবচেয়ে বেশি আগ্রহী বিবেক। গত ২০ জানুয়ারি একটি বিবৃতি জারি করে তিনি স্পষ্ট করেছেন, দুর্ঘটনার কারণেই তিনি বলিউড ছেড়েছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। অভিনেতার কথায়, “সম্প্রতি আমাকে নিয়ে অনেক আলোচনা চলছে। অনেকেই বলছেন, দুর্ঘটনার পরে আমি শারীরিকভাবে কঠিন চরিত্রে অভিনয় করতে পারছি না বলেই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। কিন্তু এটা সত্যি নয়।”
বিবেক স্বীকার করেছেন, তিনি সত্যিই ভয়ঙ্কর এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেই দুর্ঘটনায় তাঁর শরীরে একাধিক ফ্র্যাকচার হয়। অস্ত্রোপচার করতে হয়েছিল এবং পায়ে বসানো হয়েছিল ১৮ ইঞ্চির টাইটানিয়াম রড। অভিনেতার কথায়, মানসিক ও শারীরিক দু’দিক থেকেই এই সময়টা ছিল অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং।
তবে সেই কঠিন সময় কাটিয়ে ওঠার পিছনে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বিবেক। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফিজিওথেরাপিস্ট এবং নানাবতী হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডঃ অনিল ইরানি ও তাঁর টিমের জন্যই তিন মাসের মধ্যে তিনি আবার হাঁটতে শুরু করতে পেরেছিলেন। তাঁদের দক্ষতা ও সহায়তার জোরেই গুরুতর চোট সত্ত্বেও তিনি ফের অ্যাকশন সিকোয়েন্স করতে সক্ষম হন। অভিনেতার কথায়, “ওঁরা অসাধারণ কাজ করেছেন, আমি তাঁদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।”
পেছনে ফিরে তাকালে হয়তো মনে হতে পারে, ওই দুর্ঘটনা তাঁর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বিবেকের মতে, সঠিক চিকিৎসা ও ডাক্তারের নির্দেশনা সবকিছুই সম্ভব করে তুলেছিল। সেই কারণেই তিনি ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘মিশন ইস্তাম্বুল’, ‘প্রিন্স’, ‘কৃষ’ সহ একের পর এক ছবিতে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরেছেন। কোনও আপোষ না করেই নিজের অভিনয়জীবনে নতুন উচ্চতায় পৌঁছনোর কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘যুবা’ ছবির শুটিং চলাকালীন বিবেক ওবেরয় ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছিলেন, দুর্ঘটনার ফলে তাঁর পা তিন জায়গায় ভেঙে গিয়েছিল। সেই সময় অজয় দেবগন ও অভিষেক বচ্চন তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর শুনে পরিচালক মণিরত্নমও অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রায় চার মাসের বিশ্রামের পর বিবেক ফের শুটিংয়ে ফিরে যান এবং ‘ফানহা’ ও ‘আনজানা আনজানি’ ছবির কাজ করেন।