টলিপাড়ার অন্দরে আজকাল দুটো নাম বেশ ঘুরপাক খাচ্ছে—সৌরসেনী মিত্র এবং নিখিল জৈন। বহুদিন ধরেই তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন ভেসে আসছিল, আর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন আরও একবার সেই আলোচনাকে ফের ধাক্কা দিল।

সৌরসেনী-নিখিল।
শেষ আপডেট: 4 December 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্দরে আজকাল দুটো নাম বেশ ঘুরপাক খাচ্ছে—সৌরসেনী মিত্র এবং নিখিল জৈন। বহুদিন ধরেই তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন ভেসে আসছিল, আর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন আরও একবার সেই আলোচনাকে ফের ধাক্কা দিল।
ব্যবসায়ী নিখিল ফের মন দিয়েছিলেন টলিউডের এই অভিনেত্রীকেই—যাঁকে একসময় নিজের ব্যবসার মুখপাত্র হিসেবেও তুলে ধরেছিলেন। শোনা যায়, ২০২৩-এ বারাণসীতে এক বিজ্ঞাপনী শুটিংয়েই দু’জনের যোগাযোগ থেকে জন্ম নেয় প্রেম। এরপর বিভিন্ন পার্টি, আড্ডা, অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি যেন সেই খবরকেই নীরবে সত্যি করছিল। এমনকি গত বছরের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচেও দু’জনকে পাশাপাশি দেখা যায়। অথচ প্রশ্ন উঠলেই হাসিমুখে উত্তর মিলত—“উই আর জাস্ট ফ্রেন্ডস।”
কিন্তু ২০২৫-এর প্রথম দিনেই যেন সব সন্দেহের অবসান হয়ে গেল। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিখিলের বাহুলগ্না এক ছবি। সঙ্গে ক্যাপশন— “হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।” সেই ছবি দেখেই টলিপাড়া একপ্রকার নিশ্চিত হয়ে যায়, এবার আর বন্ধুত্বের দোহাই নয়—এ সম্পর্ক প্রেমেরই নামান্তর।
কিন্তু ছবির পরই যেন পালটে গেল অনেকটা। হঠাৎ করেই দূরত্ব তৈরি হতে লাগল দু’জনের মধ্যে। কারণ নিয়ে জোর জল্পনা চললেও নিশ্চিত কেউই কিছু জানত না। এরই মধ্যে আবার গুঞ্জন উঠল—সৌরসেনী নাকি ফিরে গিয়েছেন তাঁর পুরনো প্রেমিকের কাছে! যদিও কোনওদিনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

আর এখন অভিনেত্রীর সাম্প্রতিক এক মন্তব্য যেন সবকিছুতে নতুন করে ধোঁয়াশা তৈরি করল। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি সৌরসেনী হেসে বললেন, “এবারের শীতে একটা জিনিস খুব মিস করব। বয়ফ্রেন্ডের হুডি চুরি করার অভ্যাসটা আর পূরণ হবে না। তাই মনে হয় এ বছর নিজেকেই একটা হুডি কিনতে হবে। কারও থেকে তো আর চুরি করা যাবে না।” কথাগুলোতে লুকিয়ে ছিল দুষ্টুমি—সব মিলিয়ে টলিউডে আবার প্রশ্ন উঠে গেল, তবে কি নিখিলের সঙ্গে অধ্যায়টা সত্যিই শেষ? না কি শুধুই আলোচনার দমক থামাতে ছোঁড়া এক কৌতুকপূর্ণ ঢিল?
তবে প্রসঙ্গ উঠতেই আবার ঘুরে আসে নিখিলের অতীতের দিকেও। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে রূপকথার মতো জাঁকজমক বিয়েতে নুসরত জাহানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও। কিন্তু ২০২১ নাগাদ সামনে আসে দু’জনের বিচ্ছেদের খবর। নুসরত জানান, তিনি মা হতে চলেছেন, তবে সন্তানের বাবা নিখিল নন। এরপরই প্রকাশ্যে আসে, বিশেষ বিবাহ আইন অনুযায়ী নিবন্ধন না হওয়ায় তাঁদের বিয়েই আইনগতভাবে বৈধ নয় বলে দাবি করেন উভয়েই।

এই সমস্ত পুরোনো অধ্যায়, নতুন গুঞ্জন, আর তার মাঝখানে সৌরসেনীর ‘হুডি’ ইঙ্গিত—সব মিলিয়ে এখন টলিপাড়ায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে—প্রেমের পথ কি সত্যিই ফুরোল, নাকি গল্পের আসল মোড় এখনও ধরা দেয়নি? সময়ই কি তবে জানাবে এই উত্তর?