পিসি মমতার সঙ্গে যে সহমত নন শ্রীনন্দা সে কথা আগেই জানিয়েছেন তিনি। আর মমতা? শ্রীনন্দার এই আপত্তিতে কী বক্তব্য তাঁর?

শেষ আপডেট: 3 December 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: নিজের মত স্পষ্ট ভাষায় প্রকাশ করেন মমতা শঙ্কর। অনেকেই তাঁর মতের সঙ্গে একমত হতে পারেন না। কড়া ভাষায় চলতে থাকে সমালোচনা। শাড়ির আঁচল থেকে ল্যাম্পপোস্ট, ইচ্ছাকৃত #মিটু থেকে আলমারিতে অমৃত-- হালফিলে মমতা মানেই বিতর্কের সমার্থক।
যদিও পিসি মমতার সঙ্গে যে সহমত নন শ্রীনন্দা সে কথা আগেই জানিয়েছেন তিনি। আর মমতা? শ্রীনন্দার এই আপত্তিতে কী বক্তব্য তাঁর?
শ্রীনন্দা সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন। যা আপাতদৃষ্টিতে বোল্ড। এই ছবির নিচেই একজন কমেন্ট করেন, "মম পিসি রেগে যাবে।"
পাল্টা শ্রীনন্দা বলেন, "আপনারা এক কথায় কেন বারবার আমাকে কি বলছেন? সব পরিবারের কি সব মানুষ একই রকম হন? আপনারা কি আমাকে ওর সাথে কখনও একসঙ্গে দেখেছেন? যখন দেখেননি তখন দয়া করে সেই তুলনা বা মন্তব্য করবেন না। তিনি যদি আপনার সঙ্গে কোনো কথা বলেছিলেন, সেটা কেন আমাকে বলতে হবে? আমি কি কোনওভাবে আপনাদের ক্ষতি করেছি?’

পরিবারের সব মানুষ সমান হয় না-- বলছেন শ্রীনন্দা। এ নিয়ে মমতার কী মত? কেন তাঁর পরিবারের মধ্যেই তাঁর মত ও চিন্তাধারা নিয়ে এত আপত্তি? প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। মমতা এ নিয়ে মুখ খুলতে চাননি। বরং বলেছেন, "পরিবার তো, তাই কাদা ছোঁড়াছুঁড়ি করে কী লাভ? আমি ঠিক নাকি ভুল সে তো মানুষ বিচার করবেন। যে শিক্ষা পেয়ে আমি বড় হয়েছি, আমিও সেই শিক্ষাই দিতে চাইব।"
তাঁর পুত্র ও পুত্রবধূরা কি একই শিক্ষায় শিক্ষিত? মমতা জানান, একেবারেই। তাঁর কথায়, "আর এতেই আমি খুশি। ব্যস, আমার আর কিছু তো চাওয়ার নেই।" সাম্প্রতিক কালে মমতা শঙ্করের একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। অনেকেই দাবি করেছেন তাঁর বক্তব্য সেকেলে। যদিও নিজের বক্তব্যে অনড় মমতা। বাকি কে কী বলল তা খুব একটা যায় আসে না!