আমার ওর সঙ্গে প্রথম কাজ 'চ্যাম্পিয়ন' ছবিতে। জিৎ নতুন, শ্রাবন্তীরও কামব্যাক। ছবি মুক্তি পেতেই সুপারহিট। কত কী যে সব স্মৃতি। কাজের প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল বরাবর। আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও এমনিতে খুব দুষ্টু।

শেষ আপডেট: 2 December 2025 17:06
জিৎকে নিয়ে কী লিখব বুঝতেই পারছি না। আসলে সম্পর্ক যতদিন পেশাদার থাকে ততদিন অনেক কথা সহজেই বলা যায়। যখন সেখানে জুড়ে যায় পরিবার, মিশে যায় আত্মা তখনই কত অজানা কথাই বলতে গিয়ে থমকে যেতে হয়! জিৎ মদনানি, আলাপের বয়স প্রায় ২২-২৩ বছর। আজও মনে পড়ে, সুদর্শন এক পুরুষ এল বাংলা ছবিতে। হরদা (হরনাথ চক্রবর্তী) আর ভেঙ্কটেশের (বর্তমানে এসভিএফ) খুঁজে পাওয়া এক অমূল্য সম্পদ।
আমার ওর সঙ্গে প্রথম কাজ 'চ্যাম্পিয়ন' ছবিতে। জিৎ নতুন, শ্রাবন্তীরও কামব্যাক। ছবি মুক্তি পেতেই সুপারহিট। কত কী যে সব স্মৃতি। কাজের প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল বরাবর। আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও এমনিতে খুব দুষ্টু। সেটে মজা করছে, কো-অ্যাক্টরদের সঙ্গে প্র্যাঙ্ক। তবে চিরকালই ও খানিক রহস্যময়, নিজের মধ্যে কী চলছে তা শুধু ওই জানে!
![TopKolkata.Com [Top News From Kolkata]: Awara bengali movie starring Jeet & Sayantika directed by Ravi Kinagi](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOWCGVVxTsfFpAC7PWQ3g6L4PEbF1mVzKu5JsM-ej5jelMXhiBkrDwEz-rKq1u-sibBfXAosXClI07G-eHB7-Ohbb3kN72DGCe-bw2V3R7Mkz6hdqKtdfqjbCMEuxyNdE1uCk-_s3gmjQ/s1600/Jeet+,Sayantika+&+Ravi+Kinagi.jpg)
এর পর একসঙ্গে প্রায় ১২-১৩টা ছবি করেছি আমরা। আর এই ছবি করতে গিয়েই একদিন হঠাৎ আবিষ্কার করে ফেললাম ও তো শুধু আমার ছবিতে কাজ করা এক অভিনেতা নয়, আমার ভাই, আমার পরিবারের অংশ। আমার স্ত্রী ও স্ত্রী বন্ধু হয়ে গেল অচিরেই। দুই পরিবারের যাওয়া আসাও বাড়তে লাগল ক্রমাগত।
২০১৩ সালে জিতের সঙ্গে আমার শেষ কাজ। ছবির নাম 'দিওয়ানা'। অনেকেই প্রশ্ন করেন, আজকাল কেন একসঙ্গে কাজ করি না আমরা, সম্পর্ক কি তবে ভাল নয়? জানিয়ে রাখি, 'দোজ আর অল বুলশি**'। আজও ও আমার ভাই। কাজ করা হয়নি বলে যে আগামী দিনেও হবে না তা তো নয়। কী সুন্দর নিজেকে ক্রমাগত বদলাচ্ছে নিজেকে। নানা ধরনের ছবিতে কাজ করছে। ভাল লাগে, আনন্দ হয়।

আদ্যপান্ত 'ফ্যামিলি ম্যান' ও। আজকের দুনিয়াতেও একান্নবর্তী পরিবার ওদের, ভাবা যায়? স্ত্রী-সন্তান-ভাই সবাইকে নিয়ে থাকে ও। এই যে এই সব মেগাস্টার, সুপারস্টার ট্যাগ এখন ট্রেন্ডে, সত্যি কথা বলি আমার কাছে এই সব ম্যাটার করে না। জিতের সঙ্গে বহু নায়িকারা জুটি বেঁধেছে । সকলেরই মুখে এক কথা, 'বড় নিরাপদ লাগে কাজ করে'। জিৎ জানে কোথায় থামতে হয়, জিৎ জানে কীভাবে সম্মান দেখাতে হয়। অনেকেই জিজ্ঞাসা করেন, আপনার চোখে জিতের সঙ্গে সবচেয়ে ভাল লাগে কোন নায়িকাকে? আগে বলিনি আজ বলছি, চুপিচুপি, আমার মতে দুই জন, জিৎ-কোয়েল আর জিৎ-শ্রাবন্তী। কী, ঠিক বললাম তো? শুভ জন্মদিন জিৎ, ভাল থেকো, আনন্দে থেকো।
(অনুলিখন: বিহঙ্গী বিশ্বাস)