সে সময় 'টিন্ডার, বাম্বেল' ছিল না। বেঞ্চিং, বেডক্রাম্বিং বা সিচুয়েনশিপ তখনও হানা দেয়নি আমআদমির জীবনে। চোখে চোখে কথা হত, প্রেমের গতিও ছিল স্লথ।
.png.webp)
শেষ আপডেট: 5 September 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: 'ও কেন এত সুন্দরী হল
অমনি করে ফিরে তাকালো
দেখে তো আমি মুগ্ধ হবই
আমি তো মানুষ...'
সে সময় 'টিন্ডার, বাম্বেল' ছিল না। বেঞ্চিং, বেডক্রাম্বিং বা সিচুয়েনশিপ তখনও হানা দেয়নি আমআদমির জীবনে। চোখে চোখে কথা হত, প্রেমের গতিও ছিল স্লথ। প্যান্ডেল বা বিয়েবাড়িতে কোনও এক উর্বশীকে দেখে সদ্য যুবক গেয়ে উঠতেন, 'ও কেন এত সুন্দরী হল?'
সময় এগিয়েছে, বদলেছে জীবনযাত্রা, বদলেছে প্রেমের ধরনও। তবু মান্না দে'র গাওয়া সেই কালজয়ী গানের প্রাসঙ্গিকতা ফুরোয়নি আজও। জানেন কীভাবে ওই গানের সৃষ্টি? গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কীভাবে এসেছিল এ হেন মারকাটারি লিরিক্স?
একবার মুম্বইয়ে মান্না দে'র সঙ্গে দেখা করতে আসছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। বিমানের যাত্রাপথে আচমকাই পুলকবাবুর মুলাকত হয় এক অপরূপা বিমানসেবিকার সঙ্গে। ধোপদুরস্ত, চোখ ফেরানো দায়! প্রথম দেখাতেই শিল্পী মোহিত। সেই বিমানসেবিকা নিজের কাজ করছেন ওদিকে পুলক বন্দ্যোপাধ্যায় তখন বুঁদ হয়ে আছেন তাঁর সৌন্দর্যে।
বিমানেই জোগাড় করে ফেললেন রাঙতা মোড়া কাগজ। লিখে ফেললেন কালজয়ী সেই গান-- 'ও কেন এত সুন্দরী হল'। সুন্দরীর কাছে পৌঁছয়নি সেই প্রেমের গান, তবে সেই সময় তরুণ-তরুণী হৃদয়ে হিল্লোল তুলেছিল আলবাৎ।