‘কিংডম’ ছবির প্রি-রিলিজ ইভেন্টে বিজয় দেবরাকোন্ডা জানালেন, “এই ছবির জন্য নিজের সবটা নিংড়ে দিয়েছি।” ৩১ জুলাই মুক্তি পাচ্ছে গৌতম তিন্নানুড়ির নতুন ছবি। সঙ্গে রয়েছেন ভাগ্যশ্রী ও সত্যদেব।

বিজয় দেবরাকোন্ডা
শেষ আপডেট: 29 July 2025 21:45
দ্য ওয়াল ব্যুরো: বিজয় দেবরাকোন্ডা মানেই উত্তেজনার ঢেউ। তাঁর ছবি মানেই দক্ষিণ ছাড়িয়ে গোটা দেশে উন্মাদনা। গৌতম তিন্নানুড়ির পরিচালনায় ‘কিংডম’ নিয়েও তৈরি হয়েছে তেমনই আগ্রহ। ছবি মুক্তি পাবে ৩১ জুলাই। তার আগেই অনুরাগীদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো।
ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হয়ে বিজয় নিজেই জানালেন, অনুরাগীদের ভালবাসা তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। অভিনেতার কথায়, “আমার ছবি হিট হোক বা না হোক, ওদের ভালবাসা কখনও কমে না। এবার ভক্তরাই বলছে—এইবার হিট পাকা!”
‘জার্সি’র মতো হিট ছবি বানানো পরিচালক গৌতম তিন্নানুড়ির নতুন এই প্রজেক্টে কাজ করে উচ্ছ্বসিত বিজয় বলছেন, “এই ছবির জন্য আমি আমার সবটা দিয়েছি। ভয় লাগছে, আবার বিশ্বাসও আছে যে আমরা একটা ভাল সিনেমা বানিয়েছি। শুধু আমি নই, গৌতম ও অনিরুদ্ধও নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েছেন এই ছবিতে।”
এই ছবিতে বিজয়ের বিপরীতে রয়েছেন ভাগ্যশ্রী বোর্সে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যদেবকে। ছবির সঙ্গীত পরিচালনায় আছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, যিনি প্রি-রিলিজ অনুষ্ঠানে বলেন, “এই টিমের প্রতিটি সদস্য দুর্দান্ত কাজ করেছেন। বিশেষ করে এডিটর নবীন নূলি, তিনি দেশের অন্যতম সেরা।”
প্রেক্ষাগৃহে ‘কিংডম’ আসছে ৩১ জুলাই। এবার অপেক্ষা, পর্দায় বিজয় দেবরাকোন্ডা তাঁর প্রতিশ্রুতি কতটা রাখতে পারেন।