অবশেষে ঘাটাল যাচ্ছেন দেব। আগামিকালই সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এসডিও অফিসে মিটিং থেকে শুরু করে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও ত্রাণ বিতরণ... দিন ভর ব্যস্ত থাকবেন সাংসদ।

শেষ আপডেট: 29 July 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। বিগত কয়েক বছর ধরে ঘাটালের মানুষ এই নামটি শুনেই যাচ্ছে কিন্তু তার কোনও বাস্তবায়ন নেই। তাই বন্যা পরিস্থিতি তৈরি হলে সেখানকার জনজীবনের কোনও পরিবর্তনই হয় না। প্রতি বছরই বর্ষার সময়ে দেখা যায় ঘাটাল ডুবে গেছে। কোথাও হাঁটু বা কোথাও কোমর জলে থাকতে হয় সাধারণ মানুষকে। অন্তত ৩-৪ মাস এইভাবে হয়রানির শিকার হন তাঁরা। এই ইস্যু নিয়ে দিন কয়েক আগেই সেখানকার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে (TMC MP Dev) কার্যত তুলোধনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এমতাবস্থায় প্রশ্ন উঠছিল দেব ঘাটাল যাবেন কবে? 'ধূমকেতু' নিয়ে সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, এর মধ্যেই।
অবশেষে ঘাটাল যাচ্ছেন দেব। আগামিকালই সেখানে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। এসডিও অফিসে মিটিং থেকে শুরু করে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও ত্রাণ বিতরণ... দিন ভর ব্যস্ত থাকবেন সাংসদ।
এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান পরিণতি না পাওয়া নিয়ে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন দেব। তিনি বলেছিলেন, "অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি। আমি তো একমাত্র এমপি ছিলাম না ঘাটালে। আমার আগে বড় বড় নেতারা সেখানে দায়িত্বে ছিলেন। কিন্তু আমিই অনুমোদন করালাম।''
নিজের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে অভিনেতা-সাংসদ বলেন,''আমি থাকতে চাইনি। রাজনীতি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাকে আবার নিয়ে আসা হল। শর্ত দিয়েছিলাম, তাতেও দিদি হ্যাঁ বললেন। এরপর ২০০০ কোটি টাকার প্রকল্পের ৭০০ কোটি টাকার অনুমোদন হয়েছে। তাও আমাকে ট্রোল করা হয়। এগুলো শোনা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। যতদিন না হবে ততদিন আমাকে গাল খেতে হবে।'' কাল দেবের ঘাটাল পরিদর্শনের পর কতটা চিঁড়ে ভেজে এখন সেটাই দেখার।