কুলদীপ ও বংশিকার সম্পর্কের কাহিনি মিষ্টিমধুর। দুজনেই কানপুরের, বাড়ির দূরত্ব মেরেকেটে তিন কিলোমিটার। বংশিকা পেশায় এলআইসি কর্মী। লখনউয়ের একটি হোটেলে সাড়ম্বরে বাগদান পর্ব মিটেছে।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 13 March 2026 18:10
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ জেতার উচ্ছ্বাস এখনও ফিকে হয়নি। তার মধ্যে আরেক আনন্দ-আয়োজন। ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) আগামিকাল, ১৪ মার্চ, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী ছেলেবেলার বান্ধবী বংশিকা চাড্ডা। উত্তরাখণ্ডের মুসৌরিতে বিখ্যাত স্যাভয় হোটেলে বর্ণময় আয়োজন। আর সেই আসরে হাজির হচ্ছেন ভারতীয় ক্রিকেটের নবীন-প্রবীণ জমানার তাবড় তাবড় তারকা—রোহিত শর্মা (Rohit Sharma) থেকে বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে সুনীল গাভাসকার।
বিয়েবাড়িতে ক্রিকেটের রিইউনিয়ন
পিটিআইয়ের খবর অনুযায়ী, বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য এই বিয়েতে যোগ দেবেন। রোহিত ও বিরাট—দুজনেই টি-২০ থেকে অবসর নিয়েছেন, কুলদীপের বিয়েতে আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। বুমরাহ সবে বিশ্বকাপ ফাইনালে চার উইকেট নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছেন। আগামিকাল থাকছেন তিনিও। টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রিঙ্কু সিং ও তিলক বর্মার মতো বিশ্বকাপজয়ী তারকারাও আমন্ত্রিত। উল্লেখ্য, কুলদীপের বাবা রাম সিং যাদব গত সপ্তাহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে ব্যক্তিগতভাবে বিয়ের নেমন্তন্ন দিয়ে এসেছেন। তিনি আসবেন কি না, এখনও পর্যন্ত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আজ, শুক্রবারই দেহরাদুনে পৌঁছে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উত্তেজনা লুকাতে পারেননি—বলেন, ‘আমার ভাইয়ের বিয়েতে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে। খুব নাচব, খুব মজা করব!’ মুসৌরির ঝাঁ-চকচকে হোটেলও প্রস্তুত। দুই থেকে তিনদিনের জন্য ভেন্যু সম্পূর্ণ বুক করা হয়েছে।
গল্পের শুরু কানপুরে
কুলদীপ ও বংশিকার সম্পর্কের কাহিনি মিষ্টিমধুর। দুজনেই কানপুরের, বাড়ির দূরত্ব মেরেকেটে তিন কিলোমিটার। বংশিকা পেশায় এলআইসি কর্মী। লখনউয়ের একটি হোটেলে সাড়ম্বরে বাগদান পর্ব মিটেছে। বিয়ে আসলে ঠিক হয়েছিল গত নভেম্বরে। কিন্তু বিশ্বকাপের জন্য পিছিয়ে যায়। দেশকে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতাতে সাহায্য করাটাই অগ্রাধিকার ছিল কুলদীপের। যদিও সদ্যসমাপ্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন—পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে ১৪ রানে ঝুলিতে এক উইকেট।