টানা তিনটে হার—দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। যে কারণে ভারতের অবস্থা এখন ‘ডু অর ডাই’।

ছবি: গুগল
শেষ আপডেট: 20 October 2025 10:31
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে হারের পর ভারতের (India) সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন, কিন্তু বন্ধ হয়নি এখনও। ইন্দোরে (Indore) রোববার ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া চার রানে হেরে যায়। বিশ্বকাপে (Women’s World Cup 2025) ভারতের টানা তিন নম্বর পরাজয়—তবু সম্ভাবনা বেঁচে আছে শেষ চারে ওঠার।
এই মুহূর্তে হরমনপ্রীতদের পয়েন্ট ৫ ম্যাচে ৪ (নেট রানরেট +০.৫২৬)। একই পয়েন্টে নিউজিল্যান্ডও (New Zealand)—তাদেরও ৫ ম্যাচে ৪ পয়েন্ট, তবে নেট রানরেট -০.২৪৫। অর্থাৎ, এখনও ভারত চতুর্থ স্থানে। দক্ষিণ আফ্রিকা (South Africa), অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন শেষ একটি জায়গার জন্য লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। আগামী বৃহস্পতিবার মান্ধানাদের মুখোমুখি কিউয়িরা। তারপর শেষ ম্যাচ ২৬ অক্টোবর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে।
সম্ভাবনার অঙ্কটা কী?
প্রথম সমীকরণ: ভারত যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ—দু’দেশকেই হারায়, তাহলে সরাসরি সেমিফাইনালে যাবে।
দ্বিতীয় সমীকরণ: যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে আশা থাকবে একমাত্র তখনই, যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাস্ত করতে হবে।
তৃতীয় সমীকরণ: যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু বাংলাদেশর কাছে হেরে যায়—আর নিউজিল্যান্ড ইংল্যান্ডকে পরাজিত করে—তাহলে নেট রানরেট (Net Run Rate) ঠিক করবে কে উঠবে শেষ চারে।
রবিবারের ম্যাচে ইংল্যান্ডের হয়ে হিদার নাইট (Heather Knight) ১০৯ রান করেন—তাঁর ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে (300th international match)। অ্যামি জোন্স (Amy Jones) যোগ করেন ৫৬ রান। শেষ দিকে দীপ্তি শর্মা (Deepti Sharma) ৪ উইকেট ও নবাগত শ্রী চরণী (Shree Charani) ২ উইকেট নিয়ে রানের গতি কিছুটা থামালেও, শেষমেশ ২৮৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। তড়া করতে নেমে ভারতের হয়ে স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) ৮৮, হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৭০ ও দীপ্তি ৫০ রান করলেও শেষমেশ চার রানে পরাজয় মানতেই হয়।
টানা তিনটে হার—দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। যে কারণে ভারতের অবস্থা এখন ‘ডু অর ডাই’। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে, শেষ চারের টিকিট জুটবে কি না।