দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে (Women's World Cup) দারুণ লড়াই করেও শেষ ওভারে হারের বেদনা সইতে হল নিগার সুলতানাদের (Nigar Sultana)।

বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা
শেষ আপডেট: 14 October 2025 09:06
দ্য ওয়াল ব্যুরো: বিশাখাপত্তনমের মাঠে সোমবার ইতিহাস গড়ার মুখে গিয়েও শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেল বাংলাদেশ নারী ক্রিকেট (Bangladesh Women's Team) দলের কাছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে (Women's World Cup) দারুণ লড়াই করেও শেষ ওভারে হারের বেদনা সইতে হল নিগার সুলতানাদের (Nigar Sultana)।
২৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা (Bangladesh South Africa Match)। সেখান থেকেই ঘুরে দাঁড়ান নাদিন ডি ক্লার্ক— প্রোটিয়াদের ‘সংকট-সেনানী’। ভারতের বিরুদ্ধেও যিনি দলের ত্রাতা হয়েছিলেন, সেই ডি ক্লার্কই এদিনও দলকে জয় এনে দিলেন শেষ ওভারে।
ম্যাচ শেষে নিগার বললেন, “আমার দল যেভাবে শেষ বল পর্যন্ত লড়েছে, তাতে আমি গর্বিত। তবে ড্রেসিংরুমে সবাই কাঁদছে। ওরা খুবই তরুণ, কিন্তু নিজেদের ওপর বিশ্বাস রেখেছে। আমি ওদের নিয়ে গর্ববোধ করি।”
বাংলাদেশের জন্য এই হারের মূল কারণ ফিল্ডিংয়ের ভুল। কয়েকটি ক্যাচ হাতছাড়া না হলে ফল অন্যরকম হতে পারত।
চ্লোয়ে ট্রায়নকে জীবন দেওয়ার পর তিনি মারিজানে ক্যাপের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন। পরে ২৬ রানে ডি ক্লার্কের ক্যাচ পড়ে যায়, যা শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেয়।
নিগার বলেন, “ইংল্যান্ড ম্যাচেও একই জিনিস ঘটেছিল। প্রথম দিকেই ৫টা উইকেট তুলেছিলাম, কিন্তু ৩০ ওভারের পর ম্যাচ হাতছাড়া হয়ে যায়। বোলাররা দারুণ লাইন-লেন্থে বল করেছে, কিন্তু মাঝপথে কিছু ভুল হয়েছে, সেটাও তো খেলারই অংশ। আমাদের দল খুবই তরুণ, তবু ওরা সাহস দেখিয়েছে।”
নিগারের কথায়, “এটা আমাদের শেষ ম্যাচ নয়। এখনো ৩টে খেলা বাকি আছে। সবাইকে বলেছি মাথা উঁচু রাখো। আমরা প্রমাণ করেছি, আমরা লড়তে জানি।”
এই লড়াই থেকে শিক্ষা নিয়ে আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে বাংলাদেশ নারী দল। দলের লক্ষ্য লড়াইটা এবার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, জয় ছিনিয়ে আনা।