সদ্যসমাপ্ত পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতেছে বাংলাদেশ। মাঠে সাফল্য এলেও মাঠের বাইরে প্রশাসনিক বিতর্ক এখনও চড়া সুরে বাজছে।

বাংলাদেশ টিম
শেষ আপডেট: 18 March 2026 13:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতে যায়নি বাংলাদেশ। তাদের জায়গায় নেমেছে স্কটল্যান্ড। বিতর্কিত সেই সিদ্ধান্তের পর মাসখানেক পেরিয়ে গিয়েছে। টুর্নামেন্ট শেষ, বিজয়ী ভারত। কিন্তু বাংলাদেশের ‘আত্মজিজ্ঞাসা’ আর ‘আত্মবিশ্লেষণ’ এখনও থামেনি। এবার খোদ ক্রীড়া মন্ত্রক তদন্ত কমিটি গড়ার ঘোষণা করে জানতে চাইল, ভুলটা ঠিক কোথায় হয়েছিল!
স্খলনের কারণ অন্বেষণ
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque) স্পষ্টভাষায় বললেন, ‘কেন বিশ্বকাপে যেতে পারলাম না, ক্রীড়া কূটনীতির ঠিক কোন জায়গায় আমরা পিছিয়ে পড়লাম—এটা খতিয়ে দেখব। ইদের পরে তদন্ত কমিটি গড়া হবে। এই ভুল যেন আর না হয়!’
ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে। সেই পরিপ্রেক্ষিতে বিসিবি (BCB) দাবি করে, বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে। আইসিসি সেই আর্জি প্রত্যাখ্যান করলে বিসিবি বয়কটের পথ বেছে নেয়। ফলাফল—টুর্নামেন্ট থেকে বিতাড়ন।
বিসিবি নির্বাচনেও তদন্ত
এই তদন্তের মধ্যে আরেকটি বিতর্ক। ১১ মার্চ সরকার গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করেছে। বিসিবি এই পদক্ষেপকে ‘সরকারের হস্তক্ষেপ’ বলে প্রতিবাদ জানিয়েছে। নির্বাচনকেন্দ্রিক অভিযোগ গুরুতর। দাবি, প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকার ক্লাব কর্মকর্তাদের একাংশ নাকি ভোটাভুটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।
নিশানায় রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও—ভোটের আগে জেলা কাউন্সিলরদের বদলাতে মন্ত্রণালয়ে চিঠি লেখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তামিম দাবি করেছেন, মনোনয়নের সময়সীমা দু’বার পালটে ফেলা হয়েছিল। আবার আমিনুলের বক্তব্য, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আইসিসির সঙ্গে আলোচনা করবেন—বিসিবির ভবিষ্যৎ ও প্রশাসনিক কাঠামো নিয়ে।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতেছে বাংলাদেশ। মাঠে সাফল্য এলেও মাঠের বাইরে প্রশাসনিক বিতর্ক এখনও চড়া সুরে বাজছে।