যদি সত্যিই ইরান সরে দাঁড়ায়, তাহলে আধুনিক ফুটবল বড় ঘটনার সাক্ষী থাকবে। কারণ বিশ্বকাপ থেকে মাঝপথে বা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর নজির প্রায় নেই বললেই চলে।

ইরান ফুটবল টিম
শেষ আপডেট: 17 March 2026 15:11
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে নতুন বিতর্ক। নিরাপত্তা ইস্যু সামনে এনে এবার ম্যাচের ভেন্যু বদলের দাবি তুলেছে ইরান (Iran)। প্রেক্ষাপটটা অনেকের কাছেই চেনা চেনা লাগছে। ক্রিকেটে যেমন বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan) সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ শুরুর আগে বারবার ভেন্যু ও নিরাপত্তা ইস্যু তুলেছিল, তেমনই পথে হাঁটছে ইরান—এমনই মত ক্রীড়া মহলের একাংশের।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) হবে আমেরিকা (United States), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico)। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ আমেরিকায়। কিন্তু সেই খেলা সরিয়ে মেক্সিকোয় করার জন্য চাপ দিচ্ছে সে দেশের ফুটবল সংস্থা।
নিরাপত্তা নিয়ে আপত্তি
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ (Mehdi Taj) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা আমেরিকায় খেলতে রাজি নন। কারণ হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্য। যিনি জানিয়েছিলেন, ইরান ফুটবল দলকে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া কঠিন।
এরপরেই ইরানের তরফে সাফ বলে দেওয়া হয়েছে—নিরাপত্তা নিশ্চিত না হলে তারা আমেরিকায় যাবে না। ইতিমধ্যেই ফিফা-র (FIFA) সঙ্গে আলোচনা শুরু হয়েছে, যাতে ম্যাচগুলি মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়। যদিও ফুটবলের সর্বোচ্চ সংস্থা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
খেলায় ঢুকে পড়ছে রাজনীতি
এমন পরিস্থিতির বড় কারণ আন্তর্জাতিক রাজনীতি। সাম্প্রতিক সময়ে আমেরিকা (United States) ও ইজরায়েলের (Israel) যৌথ হামলায় ইরানে উত্তেজনা চরমে। যার জেরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইরানের ক্রীড়ামন্ত্রীর তরফেও ইঙ্গিত—এই অবস্থায় বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হতে পারে। আর যদি সত্যিই তারা সরে দাঁড়ায়, তাহলে আধুনিক ফুটবল বড় ঘটনার সাক্ষী থাকবে। কারণ বিশ্বকাপ থেকে মাঝপথে বা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর নজির প্রায় নেই বললেই চলে।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) যদিও জানিয়েছে, এখনও পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বয়কট নিয়ে কিছু জানায়নি। তবে পরিস্থিতি দ্রুত বদলানোয় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
নতুন সংকটের মুখে বিশ্বকাপ?
এই পরিস্থিতি অনেকের কাছে ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। টি–২০ বিশ্বকাপ (T20 World Cup) ঘিরেও নিরাপত্তা ইস্যুতে দলগুলির যাওয়া–না যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখন ফুটবলেও সেই একই ছায়া পড়ছে। দুনিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) আগে এমন বিতর্ক স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে।
সব মিলিয়ে প্রশ্ন একটাই—খেলা কি মাঠেই থাকবে, নাকি রাজনীতির চাপেই বদলে যাবে তার রূপরেখা? আগামী কয়েক সপ্তাহেই জবাব স্পষ্ট হতে পারে।