আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় টুর্নামেন্ট শুরু ১১ জুন। হাতে সময় মেরেকেটে তিন মাসেরও কম। এর মধ্যে ইরানের আনুষ্ঠানিক প্রত্যাহার, বিকল্প দলের বাছাই এবং প্রস্তুতির সুযোগ—সব মিলিয়ে ফিফার সামনে জটিল ধাঁধা।

ইরান ফুটবল টিম
শেষ আপডেট: 12 March 2026 11:25
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাস—বিশ্বকাপে ইরান ফুটবল দলকে স্বাগত জানানো হবে। কিন্তু সেই বক্তব্য চাউর হতে না হতেই পাল্টে গেল গোটা ছবি। গতকালই ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়ে দিলেন, বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলবে না ইরান ফুটবল টিম। আমেরিকা ও ইজরায়েলের বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর জেরে এই সিদ্ধান্ত। যে কারণে রাজনৈতিক চাপানউতরের মধ্যে আপাতত ফিফার সামনে প্রশ্ন—ইরান না খেললে তাদের জায়গায় কে?
ফিফার হাতে সম্পূর্ণ ক্ষমতা
বিশ্বকাপের নিয়ম-সংহিতার ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনও দল সরে গেলে ফিফা (FIFA) নিজের ইচ্ছামতো যে কোনো বিকল্প টিমকে সেই জায়গায় ঢোকাতে পারে। একই মহাদেশের দল নেওয়া বাধ্যতামূলক নয়। বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রাক্তন রেগুলেটরি পরিচালক জেমস কিচিং রয়টার্সকে বলেন, ‘এমন নজির আধুনিক জমানায় নেই। ফিফার নিজস্ব নিয়মে তারা যা খুশি করতে পারে। তবে রাজনৈতিক বাস্তবতায় সিদ্ধান্তটা জটিল!’ তাঁর সংযোজন, সাধারণত দল নাম প্রত্যাহার করলে শাস্তির বিধান থাকলেও চলতি যুদ্ধ পরিস্থিতিতে ইরানের উপর ফিফা সম্ভবত কোনও নিষেধাজ্ঞা চাপাবে না।
এশিয়ান বাছাইপর্বের গ্রুপ এ-তে শীর্ষে থেকে টানা চতুর্থবার বিশ্বকাপে ওঠে মধ্যপ্রাচ্যের এই দল। জুন মাসে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল।
ইরাক না আমিরশাহি—কার শিকে ছিঁড়বে?
দৌড়ে সামনের সারিতে ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এ মাসের শেষে মেক্সিকোয় আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার কথা ইরাকের। সেখানে জিতলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ। অন্যদিকে আমিরশাহি গত নভেম্বরে বাছাইয়ের শেষ ধাপে ইরাকের কাছে হেরে ছিটকে গিয়েছিল।
তবে রাজনৈতিক পরিস্থিতি বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ইরাকও ঘোর বিপদে। ব্যাপক ভ্রমণ বিধিনিষেধের কারণে মেক্সিকো যাওয়াই কঠিন। কোচ গ্রাহাম আর্নল্ড ফিফাকে অনুরোধ করেছেন, প্লে-অফ ম্যাচটা পিছিয়ে দেওয়া হোক—যাতে ইরানের পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যায়।
জুনে বিশ্বকাপ শুরু, সময় হাতে কম
আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় টুর্নামেন্ট শুরু ১১ জুন। হাতে সময় মেরেকেটে তিন মাসেরও কম। এর মধ্যে ইরানের আনুষ্ঠানিক প্রত্যাহার, বিকল্প দলের বাছাই এবং প্রস্তুতির সুযোগ—সব মিলিয়ে ফিফার সামনে জটিল ধাঁধা। যুদ্ধ থামলে হয়তো ছবি পাল্টাতে পারে। কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের জায়গায় কে নামবে—উত্তর অজানা।