বার্তা পরিষ্কার—নতুন সরকার চাইছে অতীতের রাজনৈতিক টানাপড়েন সরিয়ে ক্রিকেটে স্থিতি ফিরুক। তবে মামলার জট কীভাবে কাটবে, আদৌ কবে জাতীয় জার্সিতে দেখা যাবে শাকিব-মাশরাফিকে—সেই প্রশ্নের সদুত্তর এখনও মেলা বাকি।

শাকিব ও মাশরাফি
শেষ আপডেট: 19 February 2026 11:30
দ্য ওয়াল ব্যুরো: একসময় জাতীয় দলের প্রাণভোমরা। এখন দেশের বাইরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক মামলায় জড়িয়ে দীর্ঘদিন বাংলাদেশে (Bangladesh) ফিরতে পারেননি শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মাশরাফি মুর্তজা (Mashrafe Mortaza)। তবে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের (Aminul Haque) স্পষ্ট ইঙ্গিত—তাঁরা চান দুই তারকা দ্রুত দেশে ফিরে আসুন। এই মর্মে দ্রুত মামলা নিষ্পত্তির কথাও বলে দেন তিনি।
মঙ্গলবার শপথ নেওয়ার পর মিরপুরে সাংবাদিক বৈঠকে আমিনুল জানান, শাকিব ও মাশরাফির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবে সরকার। তাঁর কথায়, ‘আমরা চাই শাকিব ফিরুক। মামলাগুলি দ্রুত মেটানো হোক, যাতে তারা আবার বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে পারে।’
আন্দোলনের পর নির্বাসন
২০২৪ সালের অগস্টে শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের পর দেশ ছাড়েন দুই প্রাক্তন অধিনায়ক। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা, এমনকি খুনের অভিযোগও দায়ের হয়।
শাকিব প্রায় দেড় বছর জাতীয় দলে অনুপস্থিত। শেষবার ভারতের (India) বিরুদ্ধে কানপুর টেস্টে নেমেছিলেন, ২০২৪ সালের শেষদিকে। যদিও দুনিয়াজুড়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত। অন্যদিকে ৪২ বছর বয়সি মাশরাফি আন্দোলনের আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সদস্য। মিল: দুজনই বাংলাদেশের প্রাক্তন সাংসদ!
সরকারের অবস্থান বদল?
নতুন বিএনপি (BNP) নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি হিসেবে আমিনুলের বক্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘মামলাগুলি সরকারের আওতায়। আমরা নমনীয়। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা হবে।’এর আগে গতবছর সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শোজিব ভূঁইয়া (Asif Mahmud Shojib Bhuyain) জানিয়েছিলেন, শাকিবকে জাতীয় দলে ফেরানো হবে না। সেই অবস্থান থেকে স্পষ্টত সরে এল বর্তমান প্রশাসন।
ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের বার্তা
আমিনুল হক দায়িত্ব নেওয়ার পরই ভারতের উপ-হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর কথায়, ‘আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। ক্রীড়াক্ষেত্রের সমস্যাও কূটনৈতিক আলোচনার মাধ্যমে মেটাতে আগ্রহী!’ ক্রিকেটের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে বার্তা পরিষ্কার—নতুন সরকার চাইছে অতীতের রাজনৈতিক টানাপড়েন সরিয়ে ক্রিকেটে স্থিতি ফিরুক। তবে মামলার জট কীভাবে কাটবে, আদৌ কবে জাতীয় জার্সিতে দেখা যাবে শাকিব-মাশরাফিকে—সেই প্রশ্নের সদুত্তর এখনও মেলা বাকি।