সাম্প্রতিক অভিজ্ঞতা পাকিস্তানকে অস্বস্তিতে রাখবে। বাংলাদেশকে শেষ মুহূর্তে সতর্ক করা হলেও তারা অবস্থান বদলায়নি, ফলস্বরূপ টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়। সেই নজির মাথায় রেখেই এখন প্রশ্ন—পাকিস্তান কি অন্তিম লগ্নে পিছু হটবে, নাকি বিশ্ব ক্রিকেট মানচিত্রে আরও এক ঐতিহাসিক নির্বাসন আসন্ন?

জয় শাহ ও মহসিন নকভি
শেষ আপডেট: 2 February 2026 11:07
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরুর ঠিক মুখে বিশ্বক্রিকেটে দাবানল! ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করল পাকিস্তান সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান বাহিনী টুর্নামেন্টে খেলবে, কিন্তু ১৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রুপ-পর্বের ম্যাচে নামবে না। এই ঘোষণার পরেই পরিস্থিতি কার্যত অন্য চেহারা নেয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তি হিসেবে নির্বাসনের কথাও ভাবা হচ্ছে!
কেন হঠাৎ ভারত ম্যাচ বয়কট?
ঘটনার সূত্রপাত বাংলাদেশকে (Bangladesh) টি-২০ বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে। আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে (Scotland) অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ ইসলামাবাদ। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ‘নির্বাচিত অংশগ্রণে’র পথ বেছে নেয় পিসিবি। সরকারি এক্স (X) হ্যান্ডলে স্পষ্ট করে জানানো হয়—পাকিস্তান দল শ্রীলঙ্কায় (Sri Lanka) খেলতে যাবে, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) একে ‘বাংলাদেশের প্রতি সংহতি’বলে ব্যাখ্যা করলেও, আন্তর্জাতিক মহলের চোখে টুর্নামেন্টের বাণিজ্যিক ও ক্রীড়াগত কাঠামোর উপর সরাসরি আঘাত। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সম্প্রচার, স্পনসর ও দর্শক আগ্রহের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু।
আইসিসির কড়া বার্তা, কী শাস্তি ঝুলছে?
এনডিটিভি সূত্রে খবর, জয় শাহের (Jay Shah) নেতৃত্বাধীন আইসিসি পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আলোচনায় থাকা সম্ভাব্য শাস্তিগুলি হল—
সম্পূর্ণ নির্বাসন (Full Suspension): ১৯৭০-এর দশকে দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি ছেঁটে ফেলা।
এনওসি ফ্রিজ (NOC Freeze): বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) খেলতে অনাপত্তিপত্র না দেওয়া—যার ফলে পিএসএল কার্যত অচল হয়ে যেতে পারে।
আর্থিক নিষেধাজ্ঞা (Financial Withholding): আইসিসি থেকে পাকিস্তানের বার্ষিক রাজস্ব অংশ—প্রায় ৩৪.৫ মিলিয়ন ডলার—স্থগিত রাখা।
আইসিসির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—অবস্থান না বদলালে শাস্তি এড়ানো কঠিন।
শেষ মুহূর্তে মিলবে সমাধান?
সব দরজা এখনও বন্ধ হয়নি। এনডিটিভি সূত্র জানাচ্ছে, ব্যাক-চ্যানেল কূটনীতি (Back-channel diplomacy) চলছে জোরকদমে। বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। ফলে সব পক্ষ চাইছে মুখরক্ষা করে সমস্যার সমাধান হোক। লক্ষ্য একটাই—১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ যেন মাঠে গড়ায়।
তবে সাম্প্রতিক অভিজ্ঞতা পাকিস্তানকে অস্বস্তিতে রাখবে। বাংলাদেশকে শেষ মুহূর্তে সতর্ক করা হলেও তারা অবস্থান বদলায়নি, ফলস্বরূপ টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়। সেই নজির মাথায় রেখেই এখন প্রশ্ন—পাকিস্তান কি অন্তিম লগ্নে পিছু হটবে, নাকি বিশ্ব ক্রিকেট মানচিত্রে আরও এক ঐতিহাসিক নির্বাসন আসন্ন? ৪৮ ঘণ্টার কাউন্টডাউন শুরু। সিদ্ধান্ত যেদিকেই যাক, টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেট রাজনীতি যে নতুন মোড় নিতে চলেছে, তা মোটামুটি স্পষ্ট।