এখন দেখার, সত্যিই কতটা কড়া অবস্থান নেওয়া হয়, আর সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোন ধরনের দিকচিহ্ন এঁকে দেয়।

ছবি: গুগল
শেষ আপডেট: 2 February 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘিরে নতুন করে উত্তেজনা। পাকিস্তান সরকার (Pakistan Boycott) জানিয়ে দিয়েছে, তারা টুর্নামেন্টে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে নামবে না। এই ঘোষণার (Pakistan Boycott) পরই প্রশ্ন উঠছে—আন্তর্জাতিক ক্রিকেটে এমন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে? এই নিয়ে সরকারি তরফে বক্তব্য সামনে না এলেও স্পষ্ট ও কড়া বার্তা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, শেষ মুহূর্তে ম্যাচ বয়কট করলে আইসিসি (ICC) নিশ্চুপ থাকতে পারে না। বরং, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যাতে ভবিষ্যতে আর কোনও দল এমন পথে হাঁটার সাহস না পায়।
কেন এই সিদ্ধান্ত, কী তার প্রেক্ষাপট?
পাকিস্তানের অবস্থান তৈরি হয়েছে একাধিক ঘটনার ধারাবাহিকতায়। বাংলাদেশ দলকে (Bangladesh cricket team) টি–২০ বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার আইসিসির সিদ্ধান্তে প্রকাশ্যে বিরোধিতা জানিয়েছিল পিসিবি (PCB)। কিন্তু বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই আবেদন খারিজ করে দেয় এবং বাংলাদেশের বদলে জায়গা পায় স্কটল্যান্ড (Scotland cricket team)। এর এক সপ্তাহের মধ্যেই পাকিস্তান (Pakistan Boycott India Match) জানায়—ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগ ম্যাচে তারা মাঠে নামবে না।
উল্লেখযোগ্য বিষয়, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল ভারতের বিরুদ্ধে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে (U19 World Cup 2026) মুখোমুখি হয়েছে। অর্থাৎ, রাজনৈতিক সিদ্ধান্ত আর ক্রিকেটীয় বাস্তবতা—দুটোর মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন।
গাভাসকরের বার্তা: ‘শেষ মুহূর্তে সরে গেলে ব্যবস্থা নিতেই হবে’
এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) সরাসরি আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ‘আগে থেকে সরে দাঁড়ানো আর টুর্নামেন্টের ঠিক মুখে ম্যাচ না খেলার সিদ্ধান্ত—দুটো এক নয়। শেষ মুহূর্তে বয়কট করলে আইসিসির হস্তক্ষেপ জরুরি।’তাঁর মতে, শাস্তি কী হবে সেটা কাউন্সিল ঠিক করবে। কিন্তু এমন কিছু হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনও বোর্ড এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবে। পাশপাশি ইঙ্গিত, আইসিসি (ICC) আইনি পথেও হাঁটতে পারে, কারণ এখানে শুধু একটি ম্যাচ নয়, জড়িত রয়েছে সম্প্রচার, বাণিজ্যিক চুক্তি ও অন্যান্য সদস্য দেশের স্বার্থ।
আইসিসির সম্ভাব্য কড়া পদক্ষেপ কী কী?
সূত্র মারফত জানা যাচ্ছে, আইসিসির (ICC Board) বৈঠকে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে অন্যতম—
পাকিস্তানকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া।
বার্ষিক রাজস্ব বণ্টন (annual revenue payout) আটকে রাখা।
ভারতের বিরুদ্ধে ম্যাচ না হওয়ায় সম্প্রচারকারী জিও–স্টার (Jio-Star) যে বিপুল ক্ষতির মুখে পড়বে, তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা।
দ্বিপাক্ষিক সিরিজে অন্য বোর্ডগুলির পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) বা আইসিসি র্যাঙ্কিংয়ে পদক্ষেপ গ্রহণ।
সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League)। অবসরপ্রাপ্ত বা ফ্রি এজেন্ট বাদে বিদেশি ক্রিকেটারদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা এলে, লিগের বাণিজ্যিক কাঠামো ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা।
অর্থনৈতিক ক্ষতি ও ভবিষ্যতের বার্তা
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বিজ্ঞাপনী বাজারে সোনার খনি। একটি ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম যেখানে ২৫–৪০ লক্ষ টাকা, সেখানে ম্যাচ না হওয়ায় ক্ষতির অঙ্ক ২০০ কোটিরও বেশি হতে পারে! সেই দায় কার—এই প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসির সম্ভাব্য কড়া অবস্থান। এখন দেখার, সত্যিই কতটা কড়া অবস্থান নেওয়া হয়, আর সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোন ধরনের দিকচিহ্ন এঁকে দেয়।