সব মিলিয়ে এখন নজর আইসিসির দিকে। ভারত নিজেদের দায়িত্ব পালন করবে, মাঠে প্রস্তুত থাকবে। আপাতত বল ম্যাচ রেফারি আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কোর্টে।
.jpeg.webp)
ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 2 February 2026 10:27
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরুর আগেই ডামাডোল চরমে। পাকিস্তান সরকার স্পষ্ট করে জানিয়েছে, তারা টুর্নামেন্টে খেলবে, কিন্তু গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। তবু ভারতীয় শিবির কোনও উত্তেজনায় না গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্রোটোকল মেনেই এগোতে ইচ্ছুক। সূত্রের খবর, সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফর করবে টিম ইন্ডিয়া। ম্যাচ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি ম্যাচ রেফারির উপর ছেড়ে দেওয়া হবে।
সূচি অপরিবর্তিত, প্রস্তুতিতে কোনও কাটছাঁট নয়
ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচ ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) হওয়ার কথা। পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ (X) দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। যদিও এই সিদ্ধান্তের পিছনে কোনও আনুষ্ঠানিক কারণ এখনও জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) বা আইসিসির তরফেও বিস্তারিত ব্যাখ্যা আসেনি।
এই পরিস্থিতিতেও টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনায় একচুল বদল আনছে না। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, ভারত নির্ধারিত সময়েই শ্রীলঙ্কা যাবে। প্রাক্-ম্যাচ অনুশীলন, বাধ্যতামূলক সাংবাদিক সম্মেলন এবং ম্যাচের দিন স্টেডিয়ামে হাজির থাকা—সব কিছুই নিয়মমাফিক সারা হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে অপেক্ষা। তারপর যদি পাকিস্তান দল না আসে, তখন ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন ম্যাচ রেফারি।
বোর্ড ও আইসিসির নীরবতা, নজর ম্যাচ রেফারির দিকে
পাকিস্তানের ঘোষণার পর এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি। আইসিসিও জানায়নি, বিশ্বকাপের মতো মঞ্চে কোনও দল ম্যাচ বয়কট করলে ঠিক কী ধরনের শাস্তি বা ফলাফল হতে পারে।
ক্রিকেট প্রশাসনের অন্দরমহলে যদিও ধারণা, এমন পরিস্থিতিতে ম্যাচ বাতিল, ওয়াকওভার বা পয়েন্ট ভাগাভাগির মতো বিকল্প সামনে আসতে পারে। তবে সবই নির্ভর করছে আইসিসির ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তের উপর। ভারতীয় শিবিরের অবস্থান পরিষ্কার—নিয়ম ভাঙা নয়, নিয়মের মধ্যে থাকা।
নকআউটে কী হবে? উত্তর এখনও অধরা
গ্রুপ পর্বে পাকিস্তানের সূচিও আপাতত অপরিবর্তিত। তারা ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে অভিযান শুরু করবে, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে। সলমন আগাদের সব ম্যাচই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (Sinhalese Sports Club Ground) হওয়ার কথা।
তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে—নকআউট পর্বে যদি ভারত–পাকিস্তান ম্যাচ পড়ে, তখন পাকিস্তানের অবস্থান কী হবে? এই নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বার্তা দেয়নি পাকিস্তান সরকার বা পিসিবি। অথচ আইসিসি টুর্নামেন্টে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বিপুল সম্প্রচার আয় ও দর্শক আগ্রহ। গত এশিয়া কাপে (Asia Cup) দুই দল তিনবার মুখোমুখি হয়, ময়দান ছিল হাউসফুল।
সব মিলিয়ে এখন নজর আইসিসির দিকে। ভারত নিজেদের দায়িত্ব পালন করবে, মাঠে প্রস্তুত থাকবে। আপাতত বল ম্যাচ রেফারি আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কোর্টে।