সমীকরণ পরিষ্কার— ভারত জিতলে সেমিফাইনালে, হারলে পাকিস্তানের বিদায়। সেই হাইভোল্টেজ দ্বৈরথে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত বাজিমাত করল টিম ইন্ডিয়া!

শেষ আপডেট: 1 February 2026 21:50
দ্য ওয়াল ব্যুরো: চাপের ম্যাচ (india pakistan under-19 world cup match)। প্রতিপক্ষ পড়শি দেশ, যাদের সঙ্গে হাত মেলানো বারণ, এই কিছুদিন আগে এশিয়া কাপের ফাইনালে বেইজ্জত করে হারিয়েছে। সমীকরণ পরিষ্কার— ভারত জিতলে সেমিফাইনালে, হারলে পাকিস্তানের বিদায়। সেই হাইভোল্টেজ দ্বৈরথে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত বাজিমাত করল টিম ইন্ডিয়া! অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) সুপার সিক্স ম্যাচে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলল (india vs pakistan u19 today match)!
শুরুতে ধাক্কা, তারপর কামব্যাক
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে (Queens Sports Club, Bulawayo) টসে হেরে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া শুরুটা করেছিল সাবধানী ভঙ্গিতে। ওপেনিং জুটিতে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও অ্যারন জর্জ (Aaron George) ৪৭ রান যোগ করেন। কিন্তু আট নম্বর ওভারে সূর্যবংশী আউট হতেই ছবিটা বদলাতে শুরু করে। একই ওভারের শেষ বলে শূন্য রানে ফেরেন অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। পরের ওভারের প্রথম বলেই আউট হন জর্জ। মুহূর্তে ৪৭/০ থেকে ৪৭/৩—চাপটা হঠাৎই নেমে আসে ভারতের ঘাড়ে!
সেই সময় দায়িত্ব তুলে নেন বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi)। চাপের মধ্যে ব্যাট হাতে দাঁড়িয়ে ম্যাচের ছন্দ ধীরে ধীরে নিজের দিকে টেনে নেন। বিহান মালহোত্রার (Vihaan Malhotra) সঙ্গে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস টানেন। ৭৪ বলে অর্ধশতরান। যার সুবাদে ভারতের ইনিংস ভিত খুঁজে পায়। পরে অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu) ও আর এস অম্বরীশের (R.S. Ambrish) সঙ্গে ছোট কিন্তু কার্যকর জুটিতে স্কোরবোর্ড সচল রাখা। ত্রিবেদীর ৬৮ রানের ইনিংস শেষ হয় ৪২তম ওভারে, কিন্তু ততক্ষণে দরকারি রান উঠে গেছে।
শেষদিকে কানিষ্ক চৌহান (Kanishk Chouhan) ও খিলান প্যাটেল (Khilan Patel) অষ্টম উইকেটে ৫০ রানের জুটি গড়ে ভারতকে ২৫০ পার করান। শেষ পর্যন্ত টিম অলআউট হয় ৪৯.৫ ওভারে, ২৫২ রানে।
লক্ষ্য বড়, চাপ আরও বড়
৩৩.৩ ওভারে ২৫২ রান তাড়া করে সেমিফাইনালে যেতে হত পাকিস্তানকে—অর্থাৎ, শুরু থেকেই আক্রমণাত্মক হওয়া ছাড়া উপায় ছিল না। ওপেনাররা ঝাঁপালেও চতুর্থ ওভারে হেনিল প্যাটেল (Henil Patel) এলবিডব্লিউ করেন সামির মিনহাসকে (Sameer Minhas)। এরপর উসমান খান (Usman Khan) ও হামজা জাহুর (Hamza Zahoor) কিছুক্ষণ লড়াই করলেও রান তোলার গতি সেভাবে কখনওই বাড়েনি।
১৭ ওভারে স্কোর যখন ৮৮/২, তখনও ম্যাচ বাঁচানোর সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু কানিষ্ক চৌহানের (Kanishk Chouhan) বল স্টাম্পে গড়িয়ে যেতেই ব্রেকথ্রু! এরপর ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস ক্রমশ গুটিয়ে যেতে থাকে। নির্ধারিত সময় পর্যন্ত তারা পৌঁছয় ১৬৭/৪-এ—যা প্রয়োজনের ধারেকাছেও নয়।
শেষ দিকে উইকেট পড়ে নিয়মিত ব্যবধানে। আয়ুষ মাত্রে (Ayush Mhatre) এবং খিলান প্যাটেল (Khilan Patel) পাকিস্তানকে ৪৬.২ ওভারে ১৯৪-এ গুটিয়ে দেন।
শেষ চারে ভারত, সামনে আফগানিস্তান
এই জয়ের ফলে সুপার সিক্স গ্রুপ–২-এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। এখনও পর্যন্ত অপরাজিত দল। বুধবার সেমিফাইনালে খেলবে গ্রুপ–১ রানার্স-আপ আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে। অন্য দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড (England) ও অস্ট্রেলিয়া (Australia)।