টিকিটের দামও রাখা হয়েছে সাধারণ দর্শকের নাগালে। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাদার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা।

বাংলাদেশ টিম
শেষ আপডেট: 1 February 2026 13:52
দ্য ওয়াল ব্যুরো: আইসিসির (ICC) সিদ্ধান্তে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া—ধাক্কাটা সহজ নয়। কিন্তু সেই হতাশা বসে থাকার বদলে দ্রুত পাল্টা চাল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বিশ্বকাপের একই সময়সীমায় ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা চালু করার ঘোষণা করে দিল তারা: ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬’ (ODOMMO Bangladesh T20 Cup 2026)। নামটাই যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছে!
আইসিসি টি-২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2026) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড (Scotland) সুযোগ পাওয়ার পরই বোর্ডের এই তৎপরতা। বিসিবি-র যুক্তি স্পষ্ট—জাতীয় দলের সেরা সাদা বলের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতার ধার বজায় রাখতে হবে, বিশ্বকাপ না থাকলেও।
তিন দল, তিন অধিনায়ক, এক লক্ষ্য
এই নতুন টি-২০ কাপে খেলবে মাত্র তিনটি দল—ধূমকেতু একাদশ (Dhumketu XI), দুর্বার একাদশ (Durbar XI) এবং দুরন্ত একাদশ (Duronto XI)। সংক্ষিপ্ত হলেও প্রতিযোগিতার তীব্রতা বজায় রাখতে এমন ফরম্যাট।
ধূমকেতু একাদশের অধিনায়ক হয়েছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন দাস (Litton Kumar Das)। দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। আর দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলি (Akbar Ali)। বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট কোনও ‘ফ্রেন্ডলি’প্রদর্শনী নয়—পুরোদস্তুর প্রতিযোগিতামূলক। পুরস্কারমূল্যও নজরকাড়া। মোট প্রাইজমানি ও প্লেয়ার ফি মিলিয়ে প্রায় দু’কোটি (১ কোটি ৮৭ লক্ষ) টাকা। বোর্ডের এক কর্তা ক্রিকবাজ-কে (Cricbuzz) দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ম্যাচ ফি থাকবে, প্রাইজমানিও যথেষ্ট। আমরা চাই না এটা পলকা টুর্নামেন্ট হয়ে যাক।’
সময়সূচি, নিয়ম আর কোচিং সেটআপ
অদম্য বাংলাদেশ টি-২০ কাপ চলবে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ ম্যাচ। ৯ তারিখ ফাইনাল। প্রতিদিন সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু, তার আগে বিকেল ৪টেয় সাংস্কৃতিক অনুষ্ঠান—ক্রিকেটের সঙ্গে বিনোদনের মেলবন্ধন। টুর্নামেন্টে চালু হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Impact Player Rule), যা কৌশলগত দিক থেকে ম্যাচে আলাদা মাত্রা যোগ করবে। বিশ্বক্রিকেটের সঙ্গে তাল মেলানোই বোর্ডের আসল লক্ষ্য।
কোচিং স্টাফ অভিজ্ঞতায় ভরপুর। ধূমকেতু একাদশের হেড কোচ মহম্মদ সালাহউদ্দিন (Mohammad Salahuddin), সহকারী মহম্মদ আশরাফুল (Mohammad Ashraful)। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুল (Mizanur Rahman Babul) ও তুষার ইমরান (Tushar Imran)। দুরন্ত একাদশের দায়িত্বে হান্নান সরকার (Hannan Sarkar), সহকারী রাজিল সালেহ (Rajil Saleh)। টুর্নামেন্টের আগে ১ ফেব্রুয়ারি থেকে শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) ফিটনেস ক্যাম্প চালু হওয়ার কথা।
দর্শকদের জন্য খোলা দরজা
টিকিটের দামও রাখা হয়েছে সাধারণ দর্শকের নাগালে। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাদার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য হতাশার। কিন্তু সেই হতাশাকে নিজেদের ঘরোয়া শক্তি প্রদর্শনের মঞ্চে বদলে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। বার্তাটা পরিষ্কার—বিশ্বকাপ না থাকলেও ক্রিকেট থামবে না। লড়াই চলবে নিজেদের মাটিতেই।