আইসিসি এবার ঘরোয়া যাতায়াতের ব্যবস্থা করেনি। সমস্ত দলের বাসেই আসা-যাওয়া। হারারে থেকে বুলাওয়ায়ো প্রায় ন’ঘণ্টার পথ। যা একাধিকবার পাড়ি দিয়েছে বাংলাদেশ টিম।

ছবি: গুগল
শেষ আপডেট: 28 January 2026 16:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ বনাম আইসিসি (International Cricket Council)—লড়াই যেন থামছেই না। সিনিয়র দলের পর এবার সরব বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ শিবির। যুব বিশ্বকাপ (Under-19 World Cup) থেকে গ্রুপ পর্বে ছিটকে যাওয়ার পর আইসিসির বিরুদ্ধে ‘অন্যায্য সূচি’ বানানোর অভিযোগ তুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। সমালোচনার কেন্দ্রে—অতিরিক্ত ভ্রমণ, হঠাৎ সূচি বদল আর অনুরোধ উপেক্ষা।
অভিযোগের গোড়ায় কী?
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের গেম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাবিবুল বাশার (Habibul Bashar) সরাসরি অভিযোগ তুলেছেন সূচি পরিকল্পনা নিয়ে। তাঁর কথায়, ‘এটা অজুহাত মনে হতে পারে, কিন্তু আমাদের সূচি খুব কঠিন ছিল।’ বাংলাদেশ দল ৬ জানুয়ারি জিম্বাবোয়েতে পৌঁছয়। প্রস্তুতি ম্যাচ খেলতে হয় মাসভিঙ্গো ও হারারেতে—দুই শহরের দূরত্ব প্রায় চার ঘণ্টা। এরপর গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে বারবার হারারে–বুলাওয়ায়ো যাতায়াত করতে হয়েছে দলকে।
ভ্রমণই খলনায়ক?
আইসিসি এবার ঘরোয়া যাতায়াতের ব্যবস্থা করেনি। সমস্ত দলের বাসেই আসা-যাওয়া। হারারে থেকে বুলাওয়ায়ো প্রায় ন’ঘণ্টার পথ। যা একাধিকবার পাড়ি দিয়েছে বাংলাদেশ টিম। হাবিবুল জানান, ভারতের (India) বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটারদের ক্লান্তি এড়াতে বিসিবি নিজেদের খরচে অভ্যন্তরীণ বিমানের ব্যবস্থা করে। অথচ, অন্যদিকে ভারত পুরো টুর্নামেন্টেই বুলাওয়ায়োতে থেকেছে। অস্ট্রেলিয়া (Australia) প্রায় পুরো পর্ব খেলেছে নামিবিয়ার (Namibia) উইন্ডহুকে, শেষে হারারেতে একটাই ম্যাচ। এই বৈষম্য চোখে লেগেছে বাংলাদেশ শিবিরের।
আইসিসিকে আগেই জানানো হয়েছিল?
সবচেয়ে বড় অভিযোগ—আইসিসিকে নাকি আগেই সতর্ক করা হয়েছিল। হাবিবুলের দাবি, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমরা জানিয়েছিলাম, এই যাতায়াত ক্রিকেটারদের উপর বাড়তি চাপ ফেলবে। অনুশীলন ম্যাচের ভেন্যু বদলানোর অনুরোধও করা হয়েছিল। কিন্তু আইসিসি আমল দেয়নি!’ উপরন্তু, প্রাথমিক সূচির পর হঠাৎ পরিবর্তন করে ভ্রমণের চাপ আরও বাড়ানো হয় বলে অভিযোগ। তাঁর সাফ কথা, ‘সূচিটা আমাদের জন্য খুব অন্যায্য ছিল।’