উঠে আসছে বড় প্রশ্ন—টিম ইন্ডিয়ার টেস্ট ব্যর্থতা ব্যক্তিগত ফর্মের সমস্যা, নাকি গোটা সিস্টেমের? দ্রাবিড়ের ব্যাখ্যা বলছে, দ্বিতীয়টাই বেশি সত্যি।

রাহুল দ্রাবিড়
শেষ আপডেট: 29 January 2026 12:11
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক এক বছরে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স ঘিরে প্রশ্ন বাড়ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড (New Zealand) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হার, বিদেশের মাটিতে ধারাবাহিক লড়াই—সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার চিড় ধরেছে আত্মবিশ্বাসে।
ঠিক এই প্রেক্ষাপটে পরিস্থিতির গভীরে গিয়ে সোজাসাপ্টা ব্যাখ্যা দিলেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর বক্তব্যে আবেগ নেই, অজুহাত নেই—আছে বাস্তবের কঠিন হিসেব।
ফরম্যাট বদলের ধাক্কা, প্রস্তুতির ঘাটতি
দ্রাবিড়ের মতে, আধুনিক ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা একটাই—ফরম্যাটের ভিড়ে টেস্টের প্রস্তুতি নেওয়ার সময় না থাকা। টি-২০, ওয়ানডে, আইপিএল—একটার পর একটা ম্যাচ। তার মাঝখানে টেস্ট সিরিজ ঢুকে পড়ছে আচমকা। রাহুলের কথায়, ‘অনেক সময় দেখা যায়, টেস্ট ম্যাচের তিন-চার দিন আগে দল পৌঁছচ্ছে। তখন প্র্যাকটিস শুরু করে বুঝতে পারি, অনেক ব্যাটার চার-পাঁচ মাস ধরে লাল বলই ছোঁয়নি।’এই দীর্ঘ বিযুক্তি টেস্ট ক্রিকেটকে আরও কঠিন করে তুলছে। কারণ লাল বল মানেই ধৈর্য, টেকনিক আর দীর্ঘ সময় মানসিক লড়াই।
লাল বলের স্কিল রাতারাতি আসে না
প্রাক্তন ভারত কোচের বক্তব্যে পরিষ্কার—টেস্ট ক্রিকেটে কোনও শর্টকাট নেই। টার্নিং ট্র্যাক হোক বা সিমিং উইকেট, ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলনের মাধ্যমেই দক্ষতা বাড়ে। যে অনুশীলনের জায়গা আজ সংকুচিত।
দ্রাবিড় নিজের প্রজন্মের উদাহরণ টেনে জানান, তখন শুধু দু’টি ফরম্যাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল না। ফলে একটা টেস্ট সিরিজের আগে এক মাস ধরে লাল বল নিয়ে অনুশীলনের সুযোগ মিলত। সেই সময়টাই এখন নেই। তাই সমস্যা শুধু ফর্মের নয়, দক্ষতা ধরে রাখার লড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সমস্যাটা সিস্টেমে?
এই প্রসঙ্গে বর্তমান অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) কথাও উল্লেখ করেন দ্রাবিড়। শুভমান নিজে স্বীকার করেছেন, তিন ফরম্যাট খেলে হঠাৎ টেস্টে মানিয়ে নেওয়া সহজ নয়। দ্রাবিড়ের মতে, ভারতীয় ওপেনার আদত সমস্যাটা নিজে অনুভব করেছেন বলেই এমন কথা বলেছেন। আর এখানেই উঠে আসছে বড় প্রশ্ন—টিম ইন্ডিয়ার টেস্ট ব্যর্থতা ব্যক্তিগত ফর্মের সমস্যা, নাকি গোটা সিস্টেমের?
দ্রাবিড়ের ব্যাখ্যা বলছে, দ্বিতীয়টাই বেশি সত্যি। যতদিন না লাল বলের জন্য আলাদা সময়, আলাদা প্রস্তুতি নিশ্চিত করা যায়, ততদিন টেস্ট ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অধরা থাকবে।