ভারতীয় ক্রিকেটে কোচিং বিতর্ক নতুন নয়। তবে এবার টেস্ট দলের ধারাবাহিক পতন, ঘরের মাঠে টানা দুটি হোয়াইটওয়াশ আর তার মধ্যে গম্ভীরের আত্মরক্ষামূলক সাফাই—সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে।
.jpeg.webp)
কাঠগড়ায় গম্ভীর
শেষ আপডেট: 28 November 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার সিরিজ হার শুধু পরিসংখ্যান নয়, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টেস্ট কোচিং ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এবার সেই স্রোতে গা ভাসিয়ে কড়া ভাষায় গম্ভীরকে বিঁধলেন ভারতের প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে হলে টেস্ট দলের দায়িত্ব এখনই গম্ভীরের বদলে অন্য কারও হাতে তুলে দিতে হবে বিসিসিআইকে (BCCI)।
‘হিন্দুস্থান টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারির বক্তব্য স্পষ্ট—টিম ইন্ডিয়ার পরাজয় তাঁকে একটুও অবাক করেনি। তাঁর মতে, গম্ভীরের সিদ্ধান্ত, দল নির্বাচন এবং পরিকল্পনাহীনতা দেখেই ফলাফলের আঁচ পাওয়া যাচ্ছিল। তিওয়ারি বলেন, ‘সত্যি বলতে কী, সবটাই লেখা… এমন হারের আশঙ্কা ছিলই। দল গঠনের যে প্রক্রিয়াতেই ভুল। প্রচুর কাটাছেঁড়া চলছিল—বর্ডার-গাভাসকর ট্রফি, তারপর নিউজিল্যান্ড সিরিজ আর এখন দক্ষিণ আফ্রিকা—সব জায়গাতেই একই সমস্যা।’
তাঁর মতে, ভারতীয় টেস্ট ক্রিকেটকে বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। মনোজ বলেন, ‘একদমই দরকার। আলাদা লাল বলের ক্রিকেটের জন্য কোচ দরকার কি না—এর উত্তর স্পষ্ট। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। ভারতীয় টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এটা করতেই হবে।’
দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে লজ্জার হারের পর গম্ভীর দাবি করেছিলেন—ইংল্যান্ডে সিরিজ ড্র, চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) জয়, এশিয়া কাপ (Asia Cup) জয়—এসবই তাঁর কর্মকালের সাফল্য। কিন্তু সেই সাফাইকেই উড়িয়ে দিয়েছেন তিওয়ারি। তাঁর দাবি, ইংল্যান্ড সিরিজ ড্র কোনও কৃতিত্ব নয়। বলেছেন, ‘ইংল্যান্ডের কাছে ৩–১-তে হেরে যেতে পারতাম। শেষ দিনে ওদের খেলা ভুল শট আমাদের বাঁচিয়েছে। একে বড় সাফল্য বলা যায় না।’
এর পাশাপাশি আরও কড়া ভাষায় অভিযোগ—গম্ভীর যেসব শিরোপা জয়ের কথা বলছেন, সেগুলোর ভিত গড়ে দেন রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বিরাট কোহলি (Virat Kohli)। তিওয়ারির কথায়, ‘গম্ভীর বলছেন, তিনি চ্যাম্পিয়নস ট্রফি আর এশিয়া কাপ জিতিয়েছেন। কিন্তু এই দল আসলে বানান রোহিত, দ্রাবিড় আর তার আগের কোচিং সেটআপ। এমন টিম তৈরি ছিল, যে গম্ভীর না থাকলেও ভারত এগুলো জিতত-ই। এটা বুঝতে হবে!’ তাঁর আরও প্রশ্ন—যাঁর আসল অভিজ্ঞতা হোয়াইট–বল ক্রিকেটে, তাঁকে টেস্ট দলের হেডকোচ করা কি যুক্তিসঙ্গত? তিওয়ারির বক্তব্য, ‘মাটির স্তরে অভিজ্ঞতা না থাকলে আন্তর্জাতিক টেস্ট দলে ফল করানো প্রায় অসম্ভব।’
ভারতীয় ক্রিকেটে কোচিং বিতর্ক নতুন নয়। তবে এবার টেস্ট দলের ধারাবাহিক পতন, ঘরের মাঠে টানা দুটি হোয়াইটওয়াশ আর তার মধ্যে গম্ভীরের আত্মরক্ষামূলক সাফাই—সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে। মনোজ তিওয়ারির বক্তব্য সেই চাপই আরও বাড়িয়ে দিল।