ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে পরপর সিরিজ হার—এমন হতাশার ছবি শেষ কবে দেখা গিয়েছিল, মনে করতে কষ্ট হয়।
.jpeg.webp)
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 27 November 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হার, তারও মধ্যে ৪০৮ রানে লজ্জাজনক পরাজয়—সব মিলিয়ে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সামাজিক মাধ্যমে ‘গম্ভীর–হঠাও’ স্লোগান ট্রেন্ড করছে, আলোচনায় উঠে এসেছে বিকল্প কোচের নামও। ফিসফাস শোনা যাচ্ছিল, ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) নাকি লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিতে পারেন। কিন্তু বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই মুহূর্তে গম্ভীরকে ছাঁটাই করার কোনও পরিকল্পনাই নেই।
এনডিটিভিকে দেওয়া বিসিসিআই–এর সূত্রের বক্তব্য: ‘এই মুহূর্তে গৌতম গম্ভীরকে সরানোর প্রশ্নই নেই। তিনি দলকে নতুন করে গড়ে তুলছেন। তাঁর চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।’অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর কোচকে বরখাস্ত করার গুঞ্জন আপাতত ভিত্তিহীন। বরং বোর্ডের দাবি, তাঁকে পুরোদস্তুর সমর্থন দেওয়াই এখন প্রধান লক্ষ্য। সূত্র আরও জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকার সাদা বলের সিরিজ শেষে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের যৌথ বৈঠক ডাকা হবে। সেখানে গম্ভীরের কাছেই জানতে চাওয়া হবে—ট্রানজিশনের মধ্যে থাকা দলকে কীভাবে পুনর্গঠন করা যায়।
টানা পাঁচ টেস্ট হার এবং দুই সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ—এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কোচিং পরিকল্পনা নিয়ে। তবে গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। তাঁদেরই একজন সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সবচেয়ে সরব। স্পষ্ট জানিয়েছেন—সব দায় কোচের ঘাড়ে চাপানো অন্যায়।
গাভাসকরের যুক্তি, ‘কোচ দলকে প্রস্তুত করেন, কিন্তু মাঠে পারফর্ম করতে হয় খেলোয়াড়দেরই। যখন চ্যাম্পিয়নস ট্রফি আর এশিয়া কাপ জিতল ভারত, তখন তো কেউ বলেনি গম্ভীরকে সারাজীবনের চুক্তি দিন!’
সব মিলিয়ে বোঝা যাচ্ছে—বিসিসিআই এখনই কোনও তড়িঘড়ি সিদ্ধান্তে যেতে চাইছে না। গত বছরে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অবসর নেওয়ার পর পালাবদলের জের সামলাতে হচ্ছে ম্যানেজমেন্টকে। গম্ভীর বারবার বলেছেন—দল এখনও তৈরি হচ্ছে। অভিজ্ঞতা কম। সময় লাগবে।
তবু বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে—এই কোচিং-জমানায় ভারত ১৮ টেস্টে হেরেছে ১০টি। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে পরপর সিরিজ হার—এমন হতাশার ছবি শেষ কবে দেখা গিয়েছিল, মনে করতে কষ্ট হয়। এই প্রেক্ষিতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত স্পষ্ট—গম্ভীর আপাতত নিরাপদ, তাঁর উপরই ভরসা করে এগোতে চায় বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা সফরের পর যে আলোচনা বসবে, সেখানে কঠিন প্রশ্ন উঠবেই উঠবে। ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ কীভাবে ঘুরবে—তার রূপরেখা ঠিক হবে সেখানেই।