প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। যিনি ব্যক্তিগত সাফল্য ও অধিনায়ক হিসেবে প্রথম জয়লাভ সত্ত্বেও পিচের গুণমান নিয়ে বিরক্তি জানিয়েছেন।

প্যাট কামিন্স
শেষ আপডেট: 9 July 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: এ কেমন পিচ, যেখানে চার ইনিংসে সতেরোশোর উপর রান ওঠে!
প্রশ্নে এজবাস্টনের পিচ। আর প্রশ্ন তুললেন যিনি, তিনি ভারত কিংবা ইংল্যান্ড—কোনও শিবিরের খেলোয়াড় নন। প্যাট কামিন্স, অস্ট্রেলীয় অধিনায়কের সওয়াল ইংল্যান্ডের পাটা উইকেট নিয়ে। বিদ্রূপের সুরে জানালেন, এমন বাইশ গজ দেখলে কেউই বোলার হতে চাইবে না!
সম্প্রতি তৃতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। যিনি ব্যক্তিগত সাফল্য ও অধিনায়ক হিসেবে প্রথম জয়লাভ সত্ত্বেও পিচের গুণমান নিয়ে বিরক্তি জানিয়েছেন।
একই সুর শোনা গিয়েছে ইংরেজ শিবিরের অধিনায়ক বেন স্টোকসের গলাতেও। ব্যাটিং নয়, বোলিং নয়, ফিল্ডিংও নয়। এজবাস্টনে পরাজয় নিয়ে উইকেটের দিকে আঙুল তুলেছেন স্টোকস। লিডসে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত কামব্যাক করে যেভাবে ভারতকে উড়িয়ে দেয় ইংরেজ বাহিনী, সেই আগ্রাসন দ্বিতীয় টেস্টে দেখা যায়নি। বিশেষ করে দ্বিতীয়বার বল করতে নেমে কুঁকড়ে যায় ইংল্যান্ডের বোলিং অ্যাটাক।
যদিও ম্যাচ হেরে সঞ্চালকের প্রশ্নের জবাবে স্টোকস সরাসরি নিশানা করেছেন বাইশ গজকে। তাঁর দাবি, পিচ পাটা। খেলা যত এগিয়েছে, উইকেট তত বোলারদের বদলে ব্যাটারদের সাহায্য করেছে। সিম, সুইং কিছুই মেলেনি। এককথায়, উপমহাদেশের পিচের আকার ধারণ করে এজবাস্টনের বাইশ গজ।
স্টোকসের কথায়, ‘সত্যি বলতে, সময় যত গড়িয়েছে, মনে হচ্ছিল উপমহাদেশে খেলছি। গোড়ায় যদি বা কিছু ছিল, আমরা তাকে কাজেও লাগাই। কিন্তু এরপর যত সময় গড়ায়, আমাদের পক্ষে লড়াই করা কঠিন হয়ে ওঠে।’
তাহলে একই পিচের ফায়দা শুভমানরা কী করে নিলেন? ইংরেজ অধিনায়কের যুক্তি, যেহেতু ভারত ঘরের মাঠে খেলে সেখানকার আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, তাই আচমকা বদলে যাওয়া এজবাস্টন তাদের কাছে ঘরোয়া ময়দানের তুল্য হয়ে ওঠে। যাকে কাজে লাগাতে ভুল করেনি টিম ইন্ডিয়া। যদিও একটা পরাজয়ে মুষড়ে পড়ছেন না স্টোকস। বলেছেন, ‘কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা পরাজয় মেনে নিতে জানি!’
শুভমান ও স্টোকসের মতো এই নিয়ে এবার আওয়াজ তুলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সও। এই মুহূর্তে তিনি ওয়েস্ট ইন্ডিজে। খেলছেন টেস্ট সিরিজ। ক্যারাবিয়ান পিচে বোলারদের জন্য যথেষ্ট সাহায্য থাকলেও ইংল্যান্ডে উলটো ছবি। যাকে নিশানা করে কামিন্স বলেন, ‘ওখানে কে বোলার হতে চাইবে? এজবাস্টন যে ইংল্যান্ডের সবচাইতে পাটা উইকেটের তালিকায় তিন নম্বরে—এটা জেনে বিন্দুমাত্র অবাক হইনি!’