অনেকের চোখে, গিলের অন্যতম মাস্টারস্ট্রোক বুমরাহর বদলি হিসেবে অর্শদীপ নয়, আকাশ দীপকে খেলানো। অভিষেকেই ১০ উইকেট তুলে সাসারামের পেসার টিম ইন্ডিয়ার অন্যতম ম্যাচ-উইনার।

শুভমান গিল
শেষ আপডেট: 8 July 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: নামে শুভমান গিল। কিন্তু খেললেন ডন ব্র্যাডম্যানের মতো। এজবাস্টনে ভারত অধিনায়কের ব্যাটিংয়ে ক্রিকেট কিংবদন্তির ছায়া দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। পাশাপাশি অধিনায়কত্বে লক্ষ করলেন চূড়ান্ত পরিণতির ছাপ। গিলের সামগ্রিক পারফরম্যান্সে মুগ্ধ শাস্ত্রীর চোখে, ‘ভারতীয় অধিনায়কের ভূমিকায় সর্বকালের সেরা পারফরম্যান্স—নেতৃত্ব ও ব্যাটিং দুই দিক থেকেই অতুলনীয় শুভমান!’
সিরিজের গোড়াতেই পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় টেস্টে যেভাবে ঘুরে দাঁড়াল, তাতে অন্যতম ভূমিকা গিলের। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ফের শতরান, সঙ্গে দুরন্ত দল পরিচালনা—চর্চায় আসার সমস্ত উপকরণ মজুত।
রবি শাস্ত্রী বলেন, ‘অধিনায়কত্বের জন্য দশে দশ। এর বেশি কিছু চাওয়ার নেই। এক ম্যাচে পিছিয়ে থেকেও এমন দাপুটে জয়... ব্যাটিং তো ব্র্যাডম্যানকেও হার মানায়! ২৬৯ এবং ১৬১—জয় নিশ্চিত। অসাধারণ।’
যদিও লিডস টেস্টে গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। শাস্ত্রী নিজেও বলেন, ‘হেডিংলিতে গিল একটু বেশিই বল ফলো করছিল। ঘটনা ঘটে যাওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছিল। কিন্তু এজবাস্টনের শুভমান সক্রিয় ও আগ্রাসী। সমস্ত সিদ্ধান্তে আগাম পরিকল্পনার ছাপ স্পষ্ট।’
অনেকের চোখে, গিলের অন্যতম মাস্টারস্ট্রোক বুমরাহর বদলি হিসেবে অর্শদীপ নয়, আকাশ দীপকে খেলানো। অভিষেকেই ১০ উইকেট তুলে সাসারামের পেসার টিম ইন্ডিয়ার অন্যতম ম্যাচ-উইনার। শাস্ত্রীর মতে, ‘আকাশ ইংল্যান্ডের কন্ডিশনের জন্য আদর্শ। সিরিজে ইংরেজ ব্যাটারদের আরও ভোগাবে ও।’
প্রসঙ্গত, এজবাস্টনেই শুবমান গিল ভেঙেছেন একাধিক ব্যাটিং রেকর্ড, যার মধ্যে রয়েছে বিরাট কোহলির টেস্ট অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির। একইসঙ্গে তিনি প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এজবাস্টনে টেস্ট জেতার কৃতিত্বও অর্জন করেছেন।
এবার লড়াই সামনে আরও বড় মঞ্চ—লর্ডসে। আগামী ১০ জুলাই শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। এজবাস্টনের জয় যে ভারতের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বুমরাহর ফিরে আসা মানে বোলিং বিভাগ আরও চনমনে। যা স্টোকসদের রাতের ঘুম কেড়ে নিতে পারে।