পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় লড়াইয়ে এজবাস্টনের ময়দানে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে যেভাবে সমতা ফিরিয়েছে ভারত, তার জন্য ক্রিকেটবিশ্ব অধিনায়ক ও ব্যাটসম্যান শুভমান গিলের প্রশংসায় মুখর।

শুভমান
শেষ আপডেট: 8 July 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে প্রথমবার টেস্ট জিতে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। নেতৃত্বে শুভমান গিল। আনকোরা নতুন দল। অনেক খেলোয়াড়ই প্রথমবার ইংল্যান্ডের ময়দানে নামছেন। তার উপর লিডসে প্রথম টেস্ট হেরে আত্মবিশ্বাস জোর ধাক্কা খাওয়ার কথা।
কিন্তু পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় লড়াইয়ে এজবাস্টনের ময়দানে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে যেভাবে সমতা ফিরিয়েছে ভারত, তার জন্য ক্রিকেটবিশ্ব অধিনায়ক ও ব্যাটসম্যান শুভমান গিলের প্রশংসায় মুখর। এর পাশাপাশি চর্চায় বল হাতে আকাশ দীপ। জসপ্রীত বুমরাহ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সরে দাঁড়ান। যার সুবাদে টিমে জায়গা পান সাসারামের পেসার। গিলের স্ট্রেট ব্যাটিং আর আকাশের সিম বোলিংয়ের সদুত্তর মাথা খুঁড়েও খুঁজে পাননি বেন স্টোকস, ক্রিস ওকসরা।
ম্যাচশেষে নিজেকে সামনে আনার বদলে আদর্শ দলনেতার মতো আকাশ দীপের প্রশংসায় পঞ্চমুখ শুভমান। বলেছেন, ‘ওর স্পেল পুরো দলকে আত্মবিশ্বাসী করে তোলে। বেন ডাকেট আর জো রুটকে যেভাবে ও ড্রেসিং রুমে ফেরায়, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট!’
রেকর্ড ভাঙলেন আকাশ দীপ
প্রথম ইনিংসে ৪৮৮ রানের জবাবে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখনই ছন্দে ছিলেন আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে (৪/৮৮ ও ৬/৯৯) ভাঙেন চেতন শর্মার ৩৭ বছরের পুরনো রেকর্ড (১০/১৮৮)। ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং ফিগার নিয়ে গিলের জবাব, ‘আজ সকালে যখন ও বল হাতে এল, তখন উইকেটের ফাটল কাজে লাগাতে শুরু করেছিল। বল সামান্যই সিম করছিল আর সেটাই আমাদের সবাইকে বুঝিয়ে দেয়: ম্যাচ জেতা সম্ভব!’
ওয়াশিংটনেই বাজিমাত
ম্যাচ শুরুর আগে কুলদীপ যাদবকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সিদ্ধান্তকেই ম্যাচের মাস্টারস্ট্রোক বলছেন অনেকে। সহমত গিলও। বলেন, ‘কুলদীপকে না খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু ব্যাটিংয়ে গভীরতা চেয়েছিলাম। প্রথম ইনিংসে আমার আর ওয়াশিংটনের পার্টনারশিপ না থাকলে হয়ত লিডটা ৭০-৮০ রানে আটকে যেত। কিন্তু আমরা ১৮০ রানের লিড পাই, যা মানসিকভাবে অনেক বড় ফারাক গড়ে দেয়!"
ওয়াশিংটন প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪২ রান করেন। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে আউট করেন বেন স্টোকসকে। গিলের কথায়, ‘পঞ্চম দিনের পিচে যতটা না মিডল টার্ন ছিল, তার চেয়ে বেশি টার্ন ছিল রাফ অংশে। এমন পিচে ফিঙ্গারস্পিনারদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে।’
লর্ডসে কী পরিকল্পনা?
আগামী টেস্ট লর্ডসে। এজবাস্টনের জয়ী টিমই হুবহু নামানো হবে না। সেই ম্যাচে আবার নতুন করে দলগঠনের ভাবনা চলবে বলে ইঙ্গিত দিয়েছেন শুভমান। বলেছেন, ‘এই উইকেটে আমাদের পরিকল্পনা ছিল স্পিনকে কাজে লাগানো। এখন লর্ডসে কেমন পিচ দেওয়া হয়, সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’