ভারত–পাক ম্যাচ ঘিরে ফেভারিট ট্যাগটা সাংবাদিকরা যতই চাপাতে চান না কেন, দুই অধিনায়কই সেটাকে সুচতুরভাবে পাশ কাটিয়ে গেলেন। লড়াইটা মুখের বদলে মাঠেই হোক—নীরবে দেওয়া এই বার্তাই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ অনেকটা বাড়িয়ে দেবে।

সূর্যকুমার যাদব ও সলমন আঘা
শেষ আপডেট: 9 September 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগে নিয়মমাফিক অধিনায়ক সম্মেলন। দুবাইয়ের (Dubai) মঞ্চে টিম ইন্ডিয়ার দলনেতা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর পাকিস্তানের সলমন আলি আঘাকে (Salman Ali Agha) একসঙ্গে বাকি ছ’জন অধিনায়ককে পাশে নিয়ে বসে থাকতে দেখা গেল। আপাতনির্বিষ সওয়াল বাকিদের জন্য বরাদ্দ হলেও ঈষৎ ধারালো প্রশ্নবাণ ভেসে এল সূর্যকুমারকে লক্ষ করে: ‘টুর্নামেন্টে ফেভারিট কি ভারত?’ যা শোনামাত্র দাপটের সঙ্গে জবাব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সাংবাদিককে থামিয়ে কথা গড়ানোর আগেই সংক্ষিপ্ত উত্তর: ‘কিসনে বোলা? (কে বলল?)’
যদিও তারপর পরিস্থিতি হাল্কা করতে হাসিমুখে জুড়ে দেন, ‘আমি তো শুনিনি। আসলে, প্রস্তুতি ভালো থাকলে আত্মবিশ্বাসও জোরদার হয়! আমরা কয়েকদিন আগেই এসেছি, একসঙ্গে সময় কাটাচ্ছি, টিম হিসেবে নিজেদের গুছিয়ে নিচ্ছি। এখন শুধু মাঠে নামার অপেক্ষা!’
পাশে বসে পাক অধিনায়ক সলমন আঘা। একই প্রশ্নের জবাবে তাঁর গলায় স্পষ্ট ঝরে পড়ল সংযম ও বিচক্ষণতা। বললেন, ‘টি২০ ক্রিকেটে কাউকে ফেভারিট বলা যায় না। এক-দু’টো ওভারেই ম্যাচ ঘুরে যেতে পারে। যে দিন যে দল ভালো খেলবে, জয় তাদেরই দখলে!’
পাক ব্রিগেড এশিয়া কাপে নামছে তাজা আত্মবিশ্বাস নিয়ে। সদ্য আফগানিস্তান (Afghanistan) আর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ জিতেছে সলমনের দল। সেই প্রসঙ্গ টেনে এক সাংবাদিক পাক অধিনায়ককে মনে করিয়ে দিলেন, তাঁর আগে করা একটি মন্তব্য: ‘ট্রাই সিরিজ জেতার সার্থক হবে এশিয়া কাপ হাতে তুললে!’ নিজের বক্তব্যের সমর্থনে এবার আঘা কিছুটা হলেও রক্ষণাত্মক। জবাব দিলেন নিরপেক্ষ সুরে। বললেন, ‘ওটা আসলে ছিল প্রস্তুতি। হ্যাঁ, আমাদের জেতা দরকার ছিল। না জিতলেও এশিয়া কাপে আসতে হতই। শেষ লক্ষ্য তো এটাই!’
অর্থাৎ ভারত–পাক ম্যাচ ঘিরে ফেভারিট ট্যাগটা সাংবাদিকরা যতই চাপাতে চান না কেন, দুই অধিনায়কই সেটাকে সুচতুরভাবে পাশ কাটিয়ে গেলেন। লড়াইটা মুখের বদলে মাঠেই হোক—নীরবে দেওয়া এই বার্তাই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ অনেকটা বাড়িয়ে দেবে।