Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃতীয় স্পিনার নাকি বাড়তি পেসার? সঞ্জু না জিতেশ? এশিয়া কাপ শুরুর আগে চিন্তায় ডুবে গম্ভীর

ট্রেনিং সেশনে অবশ্য বেশ কিন্তু চমকপ্রদ ইঙ্গিত মিলল। যেমন, অভিষেক শর্মা। দীর্ঘক্ষণ বল করলেন। বাঁহাতি স্পিনার তিনি। কয়েক ওভার সামলে দিতে পারলে, তখন কি আর তিন স্পিনার খেলানোর দিকে ঝুঁকবেন গৌতম গম্ভীর? 

তৃতীয় স্পিনার নাকি বাড়তি পেসার? সঞ্জু না জিতেশ? এশিয়া কাপ শুরুর আগে চিন্তায় ডুবে গম্ভীর

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 September 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে (Dubai) বুধবার এশিয়া কাপে (Asia Cup 2025) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ মাপে হালকা, মানে খাটো—সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এমনিতেই পনেরো জনের স্কোয়াড ঘোষণায় বিস্তর বিতর্ক ঘনিয়েছিল। প্রথম একাদশ নিয়েও একই রকম আকচাআকচি লেগে থাকবে বলে মনে করা হচ্ছে।

কারা জায়গা পাবেন আর কারা বেঞ্চে বসবেন—এই সমস্যা ঘোরালো করেছে  বোলার কম্বিনেশন। তৃতীয় স্পিনার, না অতিরিক্ত পেসার—কাকে খেলানো হবে? এই একটি প্রশ্নের গিঁট ইংল্যান্ড সিরিজে ঘোঁট পাকায়। এশিয়া কাপেও তা উবে যাওয়ার নামগন্ধ নেই।

কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) অবশ্য আপাদমস্তক অলরাউন্ডার-ভক্ত। দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বলে আসছেন—অলরাউন্ডার মানে বাড়তি ব্যাটিং গভীরতা, আর সেটাই তাঁর দলের টেমপ্লেট। যে কোনও মূল্যে আট নম্বর অবধি স্কোরবোর্ডে রান যোগ করা চাই-ই চাই! পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াইয়ের আগে আমিরশাহি ম্যাচকে ধরা হচ্ছে ড্রেস রিহার্সাল হিসেবে। কোন কম্বিনেশন নিয়ে নামলে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব—তার যাচাই চলবে বুধবার।

এই অনুসন্ধানের আবহে বড় স্বস্তি: সঞ্জু স্যামসন (Sanju Samson) বনাম জিতেশ শর্মা (Jitesh Sharma) ধাঁধার সমাধান মিলেছে। ফিনিশার হিসেবে জিতেশের জায়গা পাকা। টপ অর্ডারে সঞ্জু অনিশ্চিত। কারণ ওপেন করছেন শুভমান গিল (Shubman Gill) আর অভিষেক শর্মা (Abhishek Sharma)। ওয়ান ডাউনে ধারাবাহিকতা দেখিয়ে চলে তিলক ভার্মা (Tilak Varma)। যিনি এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দু’নম্বরে। ফলে তাঁকে বসানোর প্রশ্নই নেই। যে কারণে ফ্রি-ফ্লো স্ট্রোকে সবসময় নজরকাড়া হলেও সঞ্জুর কপাল পুড়তে চলেছে।

মিডল অর্ডারে বহুমুখী শক্তিই দলের প্রাণকেন্দ্র। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)—যিনি ব্যাট হাতে দ্রুত রান করার পাশাপাশি ডেথ ওভারে কিংবা উইকেট তুলতে সমান পারঙ্গম। ছয়ে শিবম দুবে (Shivam Dube)—স্পিনারদের ত্রাস! মর্নে মরকেলের (Morne Morkel) তত্ত্বাবধানে নেটে বাড়তি বোলিংও করছেন নিয়মিত। সাত নম্বরে জিতেশের জায়গা নিয়ে ধোঁয়াশা নেই। আটে অক্ষর পটেল (Axar Patel)। যিনি একদিকে কম রান বিলোনো ‘মিতব্যয়ী’ বাঁ-হাতি স্পিনার, অন্যদিকে ট্রেডমার্ক পিঞ্চহিটার। ব্যাটিং গভীরতার মন্ত্রকে এভাবেই বুনে ফেলতে চাইছেন গম্ভীর।

নয় থেকে এগারো মানেই পেস ডিপার্টমেন্ট। প্রধান মুখ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)—কপিল দেব-উত্তর টিম ইন্ডিয়ার সেরা ফাস্ট বোলার। তাঁর ডেপুটি আর্শদীপ সিং (Arshdeep Singh)। কিন্তু তারপর? বাকি একটি স্লটে বসবেন কে? এখানেই ধন্দ। ভরসার মুখ হতে চলেছেন কোনও স্পিনার? যদি তাই হয়, তাহলে এগিয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সাম্প্রতিক টি২০-তে দুর্দান্ত ছন্দে। আবার ইংল্যান্ডে শিকে না ছিঁড়লেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ভেরিয়েশন কার্যকরী হতে পারে। তাঁকে পেছনে ঠেলতে পারে দুবাইয়ের বাইশ গজের চরিত্র। সেপ্টেম্বরের শিশির, উইকেটে সবুজ ঘাস, বাড়তি বাউন্সও কি ফ্যাক্টর নয়? এটা টিম ম্যানেজমেন্টের মনে ধরলে কুলদীপের বদলে বাড়তি পেসার হর্ষিত রানা (Harshit Rana) প্রথম একাদশের অন্তিম জায়গা ছিনিয়ে নিতে পারেন।

ট্রেনিং সেশনে অবশ্য বেশ কিন্তু চমকপ্রদ ইঙ্গিত মিলল। যেমন, অভিষেক শর্মা। দীর্ঘক্ষণ বল করলেন। বাঁহাতি স্পিনার তিনি। কয়েক ওভার সামলে দিতে পারলে, তখন কি আর তিন স্পিনার খেলানোর দিকে ঝুঁকবেন গৌতম গম্ভীর? প্রশ্নের উত্তর কুলদীপের কাছে স্বস্তির নয়!

প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহির কাছে কালকের ম্যাচ স্বপ্নের মঞ্চ। অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ও তাঁর সতীর্থরা লালচাঁদ রাজপুতের (Lalchand Rajput) কোচিংয়ে অঘটনের জন্য প্রস্তুত। নিজেই বড় গলায় প্রতিশ্রুতি দিয়েছেন রাজপুত। বলেছেন, ‘আমরা পাকিস্তানেরকে ১০০-র নিচে পাঁচ উইকেটে নামিয়ে দিয়েছিলাম। ভারত শক্তিশালী। কিন্তু আমার ছেলেরা লড়াই না করে হার মানবে না!’

ভারতীয় শিবির এতটা উদ্দীপ্ত নয়। বদলে সচেতন। বাকি কঠিন মোকাবিলার জন্য দল সাজানোর অঙ্কটাই এখানে আসল। ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি সঠিক বোলিং কম্বিনেশন বেছে নিতে পারলেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনেকটা স্বস্তি পাবে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের প্রথম লড়াই তাই ভারতের কাছে নিছক ‘ম্যাচ’ নয়, বরং দল গড়ার শেষ মহড়া।


```