কে এই টুর্নামেন্ট বানিয়েছিল, কার দূরদৃষ্টিতে এতদূর এল—সেই তর্ক চলবে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে এই মুহূর্তে খেল দুনিয়ার অন্যতম দামি আয়োজন, সেটা নিয়ে কারো দ্বিমত নেই।

সঞ্জীব ও ললিত
শেষ আপডেট: 26 March 2026 12:36
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান রয়্যালস ও আরসিবির রেকর্ড বিক্রির পর সোশ্যাল মিডিয়ায় ঘনিয়ে উঠল বাকযুদ্ধ। একদিকে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অন্য পক্ষে আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)। বিষয়—আইপিএলের বিশ্বের অন্যতম দামি টুর্নামেন্ট হয়ে ওঠার কৃতিত্ব আদতে কার?
গোয়েঙ্কার পোস্ট, মোদীর পালটা
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও আরসিবি (Royal Challengers Bengaluru) বিক্রির পর ‘এক্সে’ পোস্ট করেন গোয়েঙ্কা। লেখেন, ‘২০০৮ সালে প্রায় ২৭০ কোটিতে কেনা রাজস্থান বিক্রি হল ১৫,০০০ কোটিরও বেশিতে। ৪৮৫ কোটির আরসিবি ১৬,৬০০ কোটিতে। একই সপ্তাহে দুটি ফ্র্যাঞ্চাইজি, দুটোই ১৫,০০০ কোটির উপরে!’ সঞ্জীব হিসেবটুকু লিখে কৃতিত্ব দিলেন লিগের কাঠামোকে। জানালেন, সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব যেভাবে সাজানো হয়েছে, তা প্রশাসনিক কাঠামো বিনিয়োগকারীদের আস্থা জোগাচ্ছে। এর অন্যতম কারণ জয় শাহের (Jay Shah) দূরদৃষ্টি।
এই পোস্ট দেখে চুপ না থেকে মুখ খোলেন ললিত। গোয়েঙ্কাকে আক্রমণ শানিয়ে লেখেন, ‘এই লোকটার সত্যিই স্মৃতিভ্রংশ হয়েছে। কে এই মডেল তৈরি করেছিল সেটা ভুলে গিয়েছে! ও নিজের দুনিয়ায় থাকে। সঞ্জীব গোয়েঙ্কা একটা ভাঁড়। ওর ভাই হর্ষবর্ধন গোয়েঙ্কা (HV Goenka) আসল ক্রিকেটপ্রেমী। এই ভাঁড় মনে করছে একটা টুইটে ইতিহাস বদলে যাবে। শূন্য জ্ঞান!’
Seriously this guy really has a memory loss of who conceived the model. Thats ok. He just lives in his own world. We all know that 🤣🤣🤣 @DrSanjivGoenka is a 🤡
wish it was his brother @hvgoenka who owned the ipl franchise. He is a true cricket fan. Not this clown - who thinks… https://t.co/m8eBdAOHHX— Lalit Kumar Modi (@LalitKModi) March 26, 2026
আইপিএল কে বানিয়েছিল?
ললিত মোদীর দাবি, তিনিই আইপিএলের পুরো কাঠামো গড়ে তোলেন। ফ্র্যাঞ্চাইজি মডেল, নিলাম পদ্ধতি, সম্প্রচার স্বত্বের বিন্যাস—সবটাই তাঁর মস্তিষ্কপ্রসূত। তাই গোয়েঙ্কা যখন অন্য কাউকে কৃতিত্ব দেন, তা হজম করা কঠিন।
যদিও এই প্রসঙ্গে ক্রিকেট মহল সামনে টেনেছে ললিতের জটিল ইতিহাস। কর ফাঁকি, অর্থ পাচার ও আইপিএলের সম্প্রচার স্বত্ব বরাদ্দে কারসাজির অভিযোগে কোণঠাসা হয়ে তিনি ২০১০ সালে দেশ ছেড়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ২০০৯ সালের সম্প্রচার স্বত্ব বরাদ্দে অনিয়ম করে ১২৫ কোটিরও বেশি ঘুষ নেন মোদী। সেই অভিযুক্ত যদি আসল কৃতিত্বের দাবি জানান, তা কতদূর সঙ্গত—বিতর্কের উল্টোপিঠে জমে উঠেছে এই তর্ক।
দাম কত চড়া?
দল বিক্রির পটভূমিতে যে সংখ্যাগুলো সামনে আসছে, তা অবাক করার মতো। আরসিবি বিক্রি হয়েছে ১৬,৭০০ কোটিতে—আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। রাজস্থান ১৫,৩৪২ কোটিতে। আইপিএলের মোট মূল্যমান আপাতত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। ফলে কে এই টুর্নামেন্ট বানিয়েছিল, কার দূরদৃষ্টিতে এতদূর এল—সেই তর্ক চলবে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে এই মুহূর্তে খেল দুনিয়ার অন্যতম দামি আয়োজন, সেটা নিয়ে কারো দ্বিমত নেই।