পিচ নিয়ে একই ঘটনা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে ঘটত, তারা কি কিউরেটরকে তাঁর অবস্থান বোঝানোর জন্য শব্দ নির্বাচন করত।

দিলীপ ভেঙ্গসরকার
শেষ আপডেট: 11 August 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ অতিক্রম করে গিয়েছে। তবুও ওভাল টেস্টের পিচ বিতর্ক যেন থামছেই না। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ওভালের পিচ কিউরেটর (Oval pitch curator) লি ফর্টিসের মধ্যে পঞ্চম টেস্ট শুরুর আগে তুমুল বাকযুদ্ধ হয়েছিল। বিতর্কের সূত্রপাত গম্ভীরকে কাছে গিয়ে পিচ দেখতে না দেওয়া নিয়ে। এরপর গম্ভীর উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফর্টিসের সঙ্গে। ফর্টিস জানিয়েছেন, গম্ভীর তাঁর প্রতি কিছু অশ্রাব্য শব্দও ব্যবহার করেছিলেন।
ভারত ওভাল টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে। টিম ইন্ডিয়া সদস্যরা ইতিমধ্যে দেশেও ফিরে এসেছেন। তবে পিচ বিতর্ক এখনও মেটেনি। দু’দিন আগেই প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden) বলেছিলেন, শব্দ চয়নের ক্ষেত্রে গম্ভীরকে আরও সংযত হওয়া উচিত ছিল। কারণ ইংল্যান্ড নিজেদের পরিবেশের সুবিধা নেবেই। ওরা এরকমটাই করে থাকে।
হেডেনের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও গম্ভীরের কাছ থেকে পাওয়া যায়নি। তবে প্রাক্তন অজি ওপেনারের এই মনোভাবের তীব্র নিন্দা করেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। ভারতের প্রাক্তন এই অধিনায়ক জানিয়েছেন, কিউরেটর যদি একই আচরণ অস্ট্রেলিয়ার সঙ্গে করত, তখন কি হেডেন কিংবা তাঁর কোনও সতীর্থ সঠিক শব্দ চয়ন করে কিউরেটরকে তাঁর অবস্থান বুঝিয়ে দিতেন।
ভেঙ্গসরকার হেডেনের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুম্বই মিররকে বলেছেন, “ওভাল টেস্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। এমন একটি হাইভোল্টেজ ম্যাচের আগে যদি কিউরেটর সফরকারী দলকে পিচ থেকে দূরে থাকতে বলতেন, তখন কি হেডেন কিংবা অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেটাররা বিষয়টি ভালভাবে নিয়ে চুপ করে থাকতেন? পিচ নিয়ে একই ঘটনা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে ঘটত, তারা কি কিউরেটরকে তাঁর অবস্থান বোঝানোর জন্য শব্দ নির্বাচন করত।”
হেডেনের প্রতি তোপ দেগেই থামেননি ভারতের প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটার ভেঙ্গসরকার। গম্ভীরের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, “ভারতের প্রধান কোচ হিসাবে কাছ থেকেই পিচ দেখার অধিকার ছিল গৌতমের। যখন অন্যরা ভারত সফরে আসে তখন তাদের কোচ এবং অধিনায়কই নন, পুরো স্কোয়াডই সময় নিয়ে পিচ পরীক্ষা করে। এমনকি ম্যাচের আগে তাদের মিডিয়াও পিচ পরিদর্শন করে। তখন কেউ তাদের কিছু বলে না। তাই আমরা ইংল্যান্ডে খেলতে গেলে কীভাবে নিয়ম আলাদা হয়?”