সরফরাজের চোখে, মুম্বই ক্রিকেটের প্রাণস্পন্দন এই কঙ্গা লিগ। তাই তাঁর আহ্বান—অজুহাত না দেখিয়ে সবাই খেলতে নামুন।

সরফরাজ খান
শেষ আপডেট: 11 August 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলে সুযোগ মেলেনি। কিন্তু সরফরাজ খান (Sarfaraz Khan) থামতে নারাজ। নেমে পড়েছেন কঙ্গা লিগে (Kanga League)। শুধু তাই নয়। মুম্বই ক্রিকেটারদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা: ভরাবর্ষার ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সবার খেলা উচিত। স্রেফ ব্যর্থতার ভয়ে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে (England Series) নির্বাচকদের নেকনজরে আসেননি। তবু নাটকীয় ফিটনেস পরিবর্তন এবং ব্যাটিং ফর্মের জন্য নিয়মিত আলোচনায় সরফরাজ খান। রবিবার পার্কোফোন ক্রিকেটার্সের হয়ে ইসলাম জিমখানার বিরুদ্ধে খেলতে নেমে ৪২ বলে করেন ৬১ রান। নির্বাচকদের উদ্দেশে বার্তা স্পষ্ট—সুযোগ পেলেই দেশের জার্সিতে নিজেকে উজাড় করে দিতে তিনি প্রস্তুত!
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরফরাজ বলেন, ‘এই ম্যাচের জন্য এতটাই উত্তেজিত ছিলাম যে, রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা থাকা সত্ত্বেও আমি পৌঁছে যাই আটটায়। পারফরম্যান্সে যতটা খুশি, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি ময়দানে সময় কাটাতে পেরে। উইকেট ব্যাট করার জন্য সহজ ছিল না। একবার হেলমেটে বলও লেগেছে। আউটফিল্ডে ঘাসের স্তর এত পুরু ছিল যে বাউন্ডারি মারা কঠিন হয়ে দাঁড়ায়!’
শুধু বর্তমান নয়, অতীতের গল্পও টেনে আনলেন তিনি। জানালেন, ছোটবেলায় বাবার (প্রশিক্ষক নওশাদ খান) কাছে শুনেছেন কীভাবে সুনীল গাভাসকর ইংল্যান্ড সফর থেকে ফিরে সেই সকালেই কঙ্গা লিগের ম্যাচে খেলতে নেমেছিলেন। সরফরাজের কথায়, ‘এইসব গল্প শুনে ছোট থেকে অনুপ্রাণিত হয়েছি। মুশির (ছোট ভাই) আর আমি এই টুর্নামেন্টে খেলতে পেরে গর্বিত। শনিবার নাগপুর থেকে ফেরার পথে আশা করছিলাম যেন বৃষ্টি না হয়। ইসলাম জিমখানায় পৌঁছে দেখি আবহাওয়া ঠিকঠাক। শেষবার কঙ্গা লিগ খেলেছিলাম তিন বছর আগে। খেলার আগে ফিক্সচার বইতে চোখ পড়ল—২০১৮ সালে শতরান করার জন্য আমার নাম ছাপা। দেখে ভাল লাগল!’
সরফরাজের চোখে, মুম্বই ক্রিকেটের প্রাণস্পন্দন এই কঙ্গা লিগ। তাই তাঁর আহ্বান—অজুহাত না দেখিয়ে সবাই খেলতে নামুন। বলেছেন, ‘অনেকে ভাবে এখানে ব্যর্থ হলে ভবিষ্যতে খারাপ প্রভাব পড়বে। যদি গাভাসকর স্যর বা শচীন তেন্ডুলকর এমনটা ভাবতেন, তাহলে হয়তো কিংবদন্তি হয়ে উঠতে পারতেন না। বড় খেলোয়াড়রা খেললে শহরের তরুণরা অনুপ্রেরণা পায়। কঙ্গা লিগ এমন প্রতিযোগিতা যেখানে সফল হলে দুনিয়ার যে-কোনও জায়গায় রান করা সম্ভব!’
আগামী টেস্ট সিরিজে বাছাই তালিকায় তাঁর নাম উঠতে পারে। যদিও সেসব ভুলে আপাতত সরফরাজের মনোযোগ মুম্বইয়ের এই শতবর্ষী প্রতিযোগিতাকে বাঁচিয়ে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখা।