গ্রুপ পর্বে সরকারিভাবে ভারতের বিরুদ্ধে খেলতে নিষেধ করেছে ইসলামাবাদ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ম্যাচে তাই মাঠে নামছে না পাকিস্তান।

সলমন আঘা ও সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 5 February 2026 18:09
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে নিষেধাজ্ঞা আগেই ঝুলেছে। কিন্তু প্রশ্নটা আরও বড়—নকআউটে যদি মুখোমুখি হতে হয়? সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে কি পাকিস্তান? এই জল্পনার আবহে স্পষ্ট বক্তব্য রাখলেন সলমন আঘা (Salman Agha)।
টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাক অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে শেষ সিদ্ধান্ত কি পিসিবি নেবে, না সরকার? উত্তরে পাক অধিনায়কের কোনও রাখঢাক নেই। আঘার সাফ কথা, ‘ভারতের বিরুদ্ধে খেলা আমাদের হাতে নেই। এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। গ্রুপ পর্বে যেমন অনুমতি দেওয়া হয়নি, তেমনই যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়, আবার সরকারের কাছে যেতে হবে। ওঁরা যা বলবেন, সেটাই মানব!’
গ্রুপ পর্বে সরকারিভাবে ভারতের বিরুদ্ধে খেলতে নিষেধ করেছে ইসলামাবাদ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় (Colombo) নির্ধারিত ম্যাচে তাই মাঠে নামছে না পাকিস্তান। তবে নকআউটে পরিস্থিতি বদলাতে পারে কি না, সেই সওয়ালের উত্তরও আঘা কার্যত সরকারের কোর্টেই ঠেলে দিয়েছেন।
গ্রুপ এ-তে (Group A) পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত (India), নামিবিয়া (Namibia), নেদারল্যান্ডস (Netherlands) এবং আমেরিকা (USA)। টিম ইন্ডিয়ার ম্যাচ বাদ দিয়েই বাকি তিন প্রতিপক্ষকে ঘিরে প্রস্তুতিতে মন দিচ্ছেন বাবর-আফ্রিদিরা। আঘার কথায়, ‘সামনে এখনও তিনটে ম্যাচ। সেগুলো নিয়েই আমরা উত্তেজিত। আগের বিশ্বকাপে আমেরিকার কাছে হার—ওটা অতীত। নতুন বিশ্বকাপ, নতুন দল, নতুন কম্বিনেশন।’
এর মধ্যে আবার এক ধাক্কা, আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে পাকিস্তানের ওয়ার্ম-আপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। যার জেরে সামান্য ছেদ পড়েছে প্রস্তুতিতে। পাক বাহিনীর অভিযান শুরু হবে কলম্বোয়। ৭ ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে, সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (Sinhalese Sports Club)। এখনও পর্যন্ত পিসিবি (PCB) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) ভারতের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত জানায়নি। ফলে টুর্নামেন্ট যত এগোবে, ততই বাড়বে চাপ, জল্পনা আর কূটনৈতিক হিসেবনিকেশ।