মানুষ তোমার রেকর্ড এবং মাইলফলক নিয়ে কথা বলবে, কিন্তু আমি সেই অশ্রুগুলো মনে রাখব যা তুমি কখনও দেখাওনি। যে সংগ্রাম কেউ দেখেনি, আর খেলার এই ফরম্যাটে তোমার দেওয়া অটল ভালবাসা।

দাদা ও দিদির সঙ্গে বিরাট কোহলি
শেষ আপডেট: 12 May 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের (Retirement) ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভিকে তাঁর ১৪ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারের ইতি টানেন একটি পোস্টের মাধ্যমে। ২০১১ সালের জুনে অভিষেক হওয়া বিরাট বিদায়ী টেস্ট খেলার সুযোগ নিতে চাননি। তাঁকে শেষবার টেস্ট খেলতে দেখা গিয়েছিল ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফিতে।
বিরাটের অবসরের ঘোষণার পর থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে সমাজের বিভিন্ন মাধ্যম থেকে। তার মধ্যে যেমন ক্রিকেটাররা রয়েছেন, তেমনই রয়েছে সাধারণ মানুষও। ভারতীয় সেনার ডিজিএমও-র প্রেস মিটেও উঠে এসেছে বিরাট কোহলির অবসর প্রসঙ্গ।
এদিকে, হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট (Post) করেছেন বিরাটের ঘরণী (Wife) অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট কোহলির দাদা ও দিদি ভাইকে নিয়ে পোস্ট করেছেন। অনুষ্কাও চেয়েছিলেন বিদায়ী টেস্ট খেলুক বিরাট। এই নিয়ে তাঁর পোস্ট ভাইরাল হচ্ছে।
অনুষ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, “মানুষ তোমার রেকর্ড এবং মাইলফলক নিয়ে কথা বলবে, কিন্তু আমি সেই অশ্রুগুলো মনে রাখব যা তুমি কখনও দেখাওনি। যে সংগ্রাম কেউ দেখেনি, আর খেলার এই ফরম্যাটে তোমার দেওয়া অটল ভালবাসা। আমি জানি এই সবকিছু তোমার কাছ থেকে কত কী কেড়ে নিয়েছে। প্রতিটি টেস্ট সিরিজের পর তুমি একটু বেশি জ্ঞানী, একটু নম্র হয়ে ফিরে এসেছো। এই সব কিছুর মধ্য দিয়ে তোমাকে বেড়ে উঠতে দেখাটা আমার জন্য সৌভাগ্যের। আমি ভেবেছিলাম সাদা জার্সিতে খেলে তুমি অবসর নেবে, কিন্তু তুমি তোমার হৃদয়ের কথা শুনেছ। আমি শুধু বলতে চাই যে, আমি এই সব অর্জন করেছি।”
শুধু অনুষ্কাই নন, বিরাটকে নিয়ে আবেগতাড়িত হয়ে পোস্ট করেছেন তাঁর পরিবারের (Virat’s Family Members) অন্যান্য সদস্যরাও। কিং কোহলির দাদা ও বড় বোন ৩৫ বছর বয়সি এই তারকাকে তাঁদের গর্ব এবং ভালবাসা হিসাবে প্রকাশ করেছেন।
বিরাটের বড় বোন ভাবনা কোহলি ধিংড়া (Elder Sister Vabna Kohli Dhingra) একটি মর্মস্পর্শী ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন, যেখানে কোহলির টেস্ট জার্সিতে একটি ছবি রয়েছে। তিনি লিখেছেন, "গর্বিত হওয়ার মতো একটি যাত্রা। কঠোর পরিশ্রম, আবেগ, কঠিন সময় এবং প্রচুর প্রশংসার একটি যাত্রা... তুমি সত্যিই সমস্ত প্রশংসার যোগ্য! ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আমরা তোমাকে ভালোবাসি।"
বিরাটের দাদা বিকাশ কোহলিও (Brother Vikash Kohli) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একই ভাবে সাদা পোশাকে কোহলির ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, "সর্বদা গর্বিত, কী অসাধারণ যাত্রা চ্যাম্পিয়ন... খেলার জন্য তুমি যা করেছো তা প্রতিস্থাপন করা যাবে না। তুমি তোমার মাথা উঁচু করে রেখেছো এবং তোমার যথাসাধ্য দিয়েছো।"