ব্রুজোর কোচিংয়ে বাংলাদেশের বসুন্ধরা কিংসে (Basundhara Kings) খেলেছেন ব্রাজিলিয়ান (Brazil) মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা (Miguel Ferreira)। তাঁর গোল করার দক্ষতাও রয়েছে। গত মরশুমে বসুন্ধরার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয় ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 12 May 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: গতে কয়েক বছর ধরেই ক্রমাগত দুঃস্বপ্ন দেখে চলেছেন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের সমর্থকরা। প্রতিবছরই তাঁরা অনেক আশা নিয়ে বুক বাঁধেন, দলের সমর্থনে মাঠে যান, তবুও সাফল্য থেকে যায় অধরা। তবে লাল-হলুদ সমর্থকদেরও কুর্নিশ জানাতে হবে, কারণ তাঁরা টানা ব্যর্থতা সত্ত্বেও দলকে সমর্থন জুগিয়ে চলেছেন।
এবার অবশ্য সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। দলের কর্তারা এমনকি ইনভেস্টররাও জোরকদমে ঝাঁপিয়ে পড়ে আসন্ন মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছেন। দলের চাণক্য অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) ক্লাব কর্তাদের হাতে নীল নকশা তুলে দিয়েছেন। কোন কোন ফুটবলারকে দলে আনলে সফলতা আসবে, তার তালিকা তুলে দিয়েছেন ইস্টবেঙ্গল হেডস্যার। সেই অনুযায়ী মাঠে নেমে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এরমধ্যেই মশাল ব্রিগেডের জালে ধরা দিয়েছেন মুম্বই এফসির বিপিন সিং। জাতীয় দলের এই নিয়মিত তারকা পদ্মাপাড়ের ক্লাবে যোগদানের খবরে আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। গত মরশুমে লাল-হলুদ জার্সিতে নজর কেড়েছিলেন কেরলের তরুণ পিভি বিষ্ণু। এবার তাঁর কাছে মোহনবাগান, বেঙ্গালুরুর অফার থাকলেও তিনি আরও দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলেই থেকে গিয়েছেন। বিপিন ও বিষ্ণুর মতো উইঙ্গারের উপস্থিতি ইস্টবেঙ্গলের আপফ্রন্টকে অনেকটাই শক্তিশালী করে তুলবে।
ডিফেন্ডার হেক্টর ইউস্তে ও স্ট্রাইকার ক্লেটন সিলভাকে এবার ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে যা খবর এই দুই ফুটবলারের পরিবর্তে অস্কারের পছন্দ মতো দু’জন নতুন বিদেশির সঙ্গে চুক্তি পাকা করে ফেলছে কর্তৃপক্ষ।
ব্রুজোর কোচিংয়ে বাংলাদেশের বসুন্ধরা কিংসে (Basundhara Kings) খেলেছেন ব্রাজিলিয়ান (Brazil) মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা (Miguel Ferreira)। তাঁর গোল করার দক্ষতাও রয়েছে। গত মরশুমে বসুন্ধরার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয় ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। তাঁর গায়ে এবার লাল-হলুদ জার্সি ওঠা নিশ্চিত। পাশাপাশি অস্কারের পছন্দ মতোই আরও একজন বিদেশি ফুটবলারের এবার ইস্টবেঙ্গলে আসা নিশ্চিত বলে জানা গিয়েছে।
৩০ বছরের সার্বিয়ান (Serbia) ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচকে (Ivan Miladinovic) আনার পরামর্শ দিয়েছেন লাল-হলুদের হেড কোচ। ইভানের বর্তমান ঠিকানা কাজাকাস্তানের প্রিমিয়ার ডিভিশন ক্লাব তোবল কাস্তানা। এই ক্লাবের হয়ে এই সার্বিয়ান ফুটবলার জিতেছেন কাজাখ সুপার কাপ।
পাশাপাশি বেশ কিছু ভারতীয় ফুটবলারের দিকেও নজর রয়েছে পদ্মা পাড়ের ক্লাবের। ইন্টার কাশীর ২৬ বছরের ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকার প্রতিও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। অবশ্য মিজোরামের এই তরুণের উপর নজর রয়েছে কেরল, মুম্বই ও বেঙ্গালুরুরও। গত মরশুমে হাবাসের কোচিংয়ে যথেষ্ট নজর কেড়েছেন এডমুন্ড। সম্প্রতি ভারতীয় দলেও ডাক পেয়েছেন তিনি।