সিএবির পক্ষ থেকে ইডেনে একটি বিশাল পোস্টার টাঙিয়ে ভারতীয় জওয়ানদের কৃতিত্বের কথা তুলে ধরা হয়। ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়ে পোস্টারে লেখা রয়েছে, ‘শক্তি, সংহতি, কৃতজ্ঞতা।’

ইডেন গার্ডেন্স
শেষ আপডেট: 12 May 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত হানে ভারত। পাকিস্তানে ঢুকে ধ্বংস করে জঙ্গি ঘাঁটি। গত মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। অভিযানে সন্ত্রাসবাদীদের নয়টি শিবিরকেএকদম গুঁড়িয়ে দেওয়া হয়।
‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারতীয় সেনাবাহিনী সর্বত্র সাহস ও শৌর্যের জন্য প্রশংসিত হচ্ছে। ভারতের ক্রিকেট মহলও কুর্নিশ জানিয়েছে সেনা জওয়ানদের। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, 'ওরা আমাদের গর্ব।'
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছিলেন। শুধু তিনিই নন, সোশ্যাল মিডিয়ায় পাক মিসাইল হানার ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার শিখর ধওয়ান। এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররাও।
এবার ভারতীয় সেনাকে কুর্নিশ জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)। আজ (সোমবার) সিএবির পক্ষ থেকে ইডেনে একটি বিশাল পোস্টার টাঙিয়ে ভারতীয় জওয়ানদের কৃতিত্বের কথা তুলে ধরা হয়। ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়ে পোস্টারে লেখা রয়েছে, ‘শক্তি, সংহতি, কৃতজ্ঞতা।’ এর নিচে লেখা ‘আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত। আমরা আমাদের হিরোদের কুর্নিশ (Salute) জানাই।’