প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং কোহলিকে এক্স-এ ট্যাগ করে প্রশ্ন করেছেন, “তুমি কেন অবসর নিলে?”

বিরাট কোহলি
শেষ আপডেট: 12 May 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) পর লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) দুই মহারথীর টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে সরে (Retirement) দাঁড়ানোর সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। অনেকেই মনে করছেন, বিশেষ করে বিরাটের টেস্ট ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার বাকি ছিল।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করে লিখেছেন, “আমি খেলার প্রতি, মাঠে খেলাধুলা করা মানুষদের প্রতি এবং এই যাত্রায় আমাকে এগিয়ে নিয়ে যাওয়া সকলের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেট আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে, এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি বহন করব।”
তবে বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা বিরাটের এই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি। নেটিজেনরাও অবাক হয়েছেন কিং কোহলির সিদ্ধান্তে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harvajan Singh) কোহলিকে এক্স-এ ট্যাগ করে প্রশ্ন করেছেন, “তুমি কেন অবসর নিলে?”
বুধবার (৭ মে) নিয়মিত অধিনায়ক রোহিতও টেস্ট থেকে অবসর নিয়েছেন, এটি ভারতের জন্য বড় ধাক্কা। এক সপ্তাহের মধ্যে দুই কিংবদন্তি খেলোয়াড়ের অবসরের খবরে ভক্তরা হতবাক। এই দুই মহাতারকার বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেস্ট ক্রিকেটের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
বিরাটের অবসর প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (BCCI) প্রতিক্রিয়া জানিয়েছে। লাল বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বোর্ড কিং কোহলিকে ধন্যবাদ জানিয়েছে। পোস্টে বিসিসিআই লিখেছে, “ধন্যবাদ বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে একটি যুগের অবসান ঘটেছে, কিন্তু সেই উত্তরাধিকার চিরকাল অব্যাহত থাকবে। টিম ইন্ডিয়ার প্রতি বিরাটের অবদান সর্বদা মনে থাকবে।”
বিরাটের অবসরের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর জাতীয় দলের একদা সতীর্থ অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। কেকেআর অধিনায়ক রাহানে তাঁর ইন্সটা স্টোরিতে কোহলির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বিরাট, তোমার সঙ্গে মাঠ ভাগাভাগি করা একটি বিশেষ যাত্রা। এক সঙ্গে অনেক ভাল স্মৃতি মনের মণিকোঠায় গেঁথে রয়েছে। অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন।”
বিরাটের অবসর নিয়ে নিজেদের এক্স হ্যান্ডেল পোস্ট করেছে তাঁর আইপিএলের দল আরসিবিও (RCB)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছে, “ক্রিকেট আর আগের মতো থাকবে না।” কোহলির হঠাৎ করে সরে দাঁড়ানো চমকে দিয়েছে ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকেও (Harsha Bhogle)। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি বিরাটকে দেখতে চেয়েছিলাম ভরা স্টেডিয়ামে থেকে ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছে। কিন্তু সেটা আর সম্ভব হল না। আসুন আমরা সকলে মিলে তাঁর প্রশংসা করি। টি-টোয়েন্টির যুগেও টেস্ট ক্রিকটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলে তুমি। আর এ জন্য ক্রিকেট তোমার কাছে ঋণী।”
বিরাটের অবসরে চমকে গিয়েছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও (Kevin Pietersen)। তিনি তাঁর পোস্টে অবাক করা ইমোজি তুলে ধরেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অভূতপূর্ব টেস্ট কেরিয়ারের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অধিনায়ক হিসাবে তুমি শুধু ম্যাচ জেতোনি, দলের মাইন্ডসেটও তৈরি করে দিয়েছিলে। তুমি ক্রিকেটারদের মধ্যে ফিটনেস, আক্রমণাত্মক মনোভাব ও গর্বকে নতুন মানদণ্ডে পরিণত করেছ। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তুমি একজন প্রকৃত মশালবাহক।”
বিরাটের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না (Suresh Raina) লিখেছেন, “টেস্ট ক্রিকেটে তোমার প্যাশন, নেতৃত্ব গুণ লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করেছে। তোমার চলে যাওয়া দেখে খারাপ লাগছে, কিন্তু তোমার উত্তরাধিকার বেঁচে থাকবে।”