বাংলার অভিমন্যু ঈশ্বরণকেই সম্ভবত এ দলের অধিনায়ক করা হবে। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে থাকলেও তাঁর এখনও টিম ইন্ডিয়া জার্সিতে অভিষেক হয়নি। ইংল্যান্ডে এ দলের হয়ে ভাল পারফর্ম করতে পারলে, রোহিতের অনুপস্থিতিতে তাঁর সামনে হয়তো খুলে যেতে পারে ভারতীয় দলের দরজা।

অভিমন্যু ঈশ্বরণ
শেষ আপডেট: 12 May 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এখন প্রধান চিন্তা যত দ্রুত সম্ভব আইপিএল শেষ করা। ভারত-পাকিস্তান আবহে বন্ধ রয়েছে আইপিএল ২০২৫ (IPL 2025)। এখনও বাকি রয়েছে গ্রুপ পর্বের কিছু ম্যাচ। তারপর প্লে অফের ম্যাচ ও ফাইনাল। তবে আইপিএলের নতুন নির্ঘণ্ট তৈরির পাশাপাশি বোর্ডের আরও ব্যস্ততা রয়েছে।
বোর্ড সূত্র খবর, একদিকে বিসিসিআই আইপিএল পুনরায় শুরুর প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে নির্বাচকরা ভারতীয় দলের (Team India) ইংল্যান্ড সফরের (England Tour) প্রস্তুতি নিচ্ছেন। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার আগে ভারতীয়-এ (India A) দল ইংল্যান্ড সফর করবে এবং এর জন্য দল ঘোষণা করা হতে পারে ১৩ মে। পাশাপাশি জানা গিয়েছে, ইন্ডিয়া-এ-এর হয়ে ভাল পারফর্ম করতে পারলে তাঁদের সামনে খুলে যেতে পারে সিনিয়র দলের দরজা।
ভারত-এ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি লাল বলের ম্যাচ খেলবে। বিসিসিআই সূত্রে খবর, এ দলের জন্য ইতিমধ্যেই নির্বাচকদের নজরে রয়েছেন বেশ কিছু ক্রিকেটার। সেই সঙ্গে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত কিছু খেলোয়াড়কেও এ দলের সঙ্গে ইংল্যান্ডে পাঠানোরও জোরাল সম্ভাবনা রয়েছে।
ক্রিকবাজের (Cricbuzz) প্রতিবেদন অনুসারে, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার আগে ৬ মে মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে নির্বাচকদের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নির্বাচকরা ঠিক করেছিলেন ১৩ মে ভারতীয়-এ দল ঘোষণা করার হবে।
জানা গিয়েছে,বাংলার অভিমন্যু ঈশ্বরণকেই (Avimanuyu Iswaran) সম্ভবত এ দলের অধিনায়ক (Captain) করা হবে। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে থাকলেও তাঁর এখনও টিম ইন্ডিয়া জার্সিতে অভিষেক হয়নি। এ দলের হয়েও তিনি অধিনায়কের দায়িত্ব সামলেছেন আগে। ইংল্যান্ডে এ দলের হয়ে ভাল পারফর্ম করতে পারলে, রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁর সামনে হয়তো খুলে যেতে পারে ভারতীয় দলের দরজা।
ইন্ডিয়া এ দলের ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে ৩০ মে থেকে ২ জুন এবং ৬ থেকে ৯ জুন ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচ এবং ১৩ থেকে ১৬ জুন সিনিয়র ভারতীয় দলের বিপক্ষে একটি ম্যাচ। আগামী সপ্তাহের মধ্যে নতুন অধিনায়ক-সহ ভারতের সিনিয়র দল নির্বাচন করা হবে বলে আশা করা হচ্ছে।
আইপিএল হঠাৎ করে স্থগিত হওয়ার ফলে নির্বাচকদের সমস্যা আরও বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, বিসিসিআই নির্বাচকদের পরামর্শ দিয়েছে তাঁরা যেন আইপিএলে খেলছেন না অথবা যাঁদের দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে অথবা ছিটকে পড়ার পথে, এমন খেলোয়াড়দেরই বেছে নেন।
ক্রিকবাজের মতে, ঈশ্বরণ ছাড়াও, তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, আকাশ দীপ, করুণ নায়ারও (Karun Nayar) প্রাথমিক দলে নির্বাচনের দৌড়ে রয়েছেন। ধ্রুব জুরেল এবং নীতিশ রেড্ডি প্রাথমিকভাবে এ দলের অংশ হবেন এবং পরে সিনিয়র দলে অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি এটা নিশ্চিত যে, শার্দূল ঠাকুর এবার সিনিয়র দলের অংশ হবেন।
ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত মুকেশ কুমার (Mukesh Kumar) ইংল্যান্ড সফরে কার্যকর প্রমাণিত হতে পারেন। তাঁকে যেকোনও একটি দলে জায়গা দেওয়া হতে পারে।