রোহিত, বিরাট সরে দাঁড়ানোয় টিম ইন্ডিয়ায় আপাতত তরুণ, অনভিজ্ঞ টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে বদলি হিসেবে মনে করছেন কেউ কেউ। আলোচনায় উঠে এসেছে শ্রেয়স আইয়ার ও সাই সুদর্শনের নামও।

বিরাট কোহলি
শেষ আপডেট: 12 May 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিন সাতসকালে বিশ্বক্রিকেটকে হতবাক করে টেস্টের ময়দান থেকে অবসরের (Virat Kohli Retirement) কথা ঘোষণা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি যে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান, এটা গত দু’দিন ধরে চর্চায় উঠে এসেছিল। বিসিসিআই (BCCI) যে কোহলির মানভঞ্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্তত ইংল্যান্ড সিরিজটুকু (England Series) যাতে খেলে দেন তিনি, এই নিয়ে আবেদন-নিবেদন জারি রেখেছে, বিভিন্ন সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে এমন দাবি করা হয়। কিন্তু সমস্ত অনুরোধ-উপরোধে কান না দিয়ে, বোর্ডের শীর্ষকর্তাদের যাবতীয় তদ্বিরে জল ঢেলে বিরাট কোহলি জানিয়ে দিলেন, তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে নামবেন না।
স্বাভাবিকভাবে, কোহলির অবসরের জেরে উস্কে উঠেছে একগুচ্ছ প্রশ্ন, দানা বেঁধেছে অনেক সংশয়। প্রাথমিক ধোঁয়াশা ছিল ‘সময়’ নিয়ে। কেন ইংল্যান্ড সফর শুরুর আগে, দলের আরেক নির্ভরযোগ্য স্তম্ভ রোহিত শর্মা অবসর নেওয়ার চার দিন বাদে এমন ‘বিরাট’ দাবি করতে হল কোহলিকে, কেন মাঠভর্তি দর্শকদের মধ্যে বিদায়ী টেস্টের আয়োজনের সু্যোগ পর্যন্ত দিলেন না, কীসের এত তাড়া?—যাবতীয় প্রশ্নকে এক বন্ধনীতে ফেলে হরভজন সিংয়ের মতো অনেকেই ভাসিয়ে দিয়েছেন মোক্ষম প্রশ্ন: ‘কেন?’
ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য বিস্ময় প্রকাশে সন্তুষ্ট নন। তাঁদের কর্তব্য রহস্য অনুসন্ধান। অনুমান আর যুক্তি দিয়ে কার্যকারণের যোগ খোঁজা। আর এই তত্ত্বতালাশ করতে গিয়ে ক্রিকেট মহলের একটা বড় অংশ কোহলির অবসরের নেপথ্যে দুটো বড় বিষয়কে সামনে দাঁড় করাতে চাইছেন।
প্রথমত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডার শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ থেকেই। এর জন্য গৌতম গম্ভীর যে একদম টাটকা, সতেজ স্কোয়াড বানাতে চাইছেন, বিভিন্ন সূত্রে দীর্ঘদিন ধরেই এমন বিষয় সামনে উঠে আসছিল। গম্ভীরের কথাতেই বিরাট, রোহিতকে বাদ দেওয়া হল কি না, সেটা জানা না গেলেও বিশেষজ্ঞদের অনেকেই সেই ‘সময়ে’র সঙ্গে ‘অবসরে’র সম্পর্ক খুঁজে পেয়েছেন। যেহেতু ইংল্যান্ড সফরের দল বাছাইয়ের জন্য আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় বসতে চলেছেন নির্বাচকরা, তাই দুই অভিজ্ঞ ক্রিকেটার আগেভাগে সরে গিয়ে সেই কাজই সহজ করে দিলেন কি না, তাই নিয়ে উঠতে শুরু করেছে জল্পনা। বিষয়টা কি গম্ভীরকে বার্তা দেওয়া যাতে তিনি নিজের পছন্দসই খেলোয়াড়দের বেছে নিতে পারেন? দুজনে কোনওভাবে ‘পথের কাঁটা’ না হয়ে দাঁড়ান, তা-ই পরোক্ষে বুঝিয়ে দেওয়া?
উল্লেখ্য, রোহিত, বিরাট সরে দাঁড়ানোয় টিম ইন্ডিয়ায় আপাতত তরুণ, অনভিজ্ঞ টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে বদলি হিসেবে মনে করছেন কেউ কেউ। আলোচনায় উঠে এসেছে শ্রেয়স আইয়ার ও সাই সুদর্শনের নামও। পাশাপাশি বিরাটের ফাঁকা জায়গা ও ছেড়ে যাওয়া দায়িত্বভার তুলে দেওয়া হতে পারে কোনও অভিজ্ঞ ব্যাটসম্যানের উপর, যিনি আগে ওই জায়গায়, পরিচিত ভূমিকায় মাঠে নেমেছেন। সেক্ষেত্রে চেতেশ্বর পূজারার ভাগ্যের শিকে ছিঁড়তে পারে বলে মনে করছেন অনেকে।
দ্বিতীয় একটি কারণকেও বিশেষজ্ঞদের কেউ কেউ সামনে তুলে ধরেছেন। সেটা হচ্ছে বিরাটের ব্যক্তিগত ব্যর্থতা। বর্ডার-গাভাসকার ট্রফিতে অফ স্ট্যাম্পের বাইরের বল যেভাবে বারবার খোঁচা মেরে আউট হয়েছেন তাতে এতদিন ধরে গড়ে তোলা নিশ্ছিদ্র টেকনিক নিয়ে সংশয় উঠতে শুরু করে। অস্ট্রেলিয়ার ৫ টেস্টে মাত্র ১৯০ রান নিয়েই দেশে ফিরে আসতে হয় বিরাটকে।
সেটাই কি শেষের শুরু? অবসরের ‘সময়ে’র শল্যচিকিৎসায় আপাতত এই দুটো অনুমানকেই জোরাল ‘কারণ’ হিসেবে মনে করছে ক্রিকেট মহল।