শত্রু যদি সমস্ত সিস্টেমকে অতিক্রম করতে সক্ষম হয়, তবুও আপনি বিমানঘাঁটি বা লজিস্টিক ইনস্টলেশন সিস্টেম ভেঙে ফেলতে পারেন। কারণ ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের হাতে লিলি-থমসনের মতো অস্ত্র আছে।

ডিজিএমও প্রেস মিটে রাজীব ঘাই
শেষ আপডেট: 12 May 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কোহলির ‘বিরাট’ (Virat Kohli Retirement) ঘোষণার পর থেকে গোটা ক্রিকেটবিশ্ব তোলপাড়। এরকম একটা সময়ে এই ঘোষণা আসবে, তা ছিল কল্পনাতীত। এক দিকে ভারত-পাকিস্তান সম্পর্কে জটিলতা নিয়ে যখন গোটা দেশে আলোচনা তুঙ্গে, তখনই এল লাল বলের ক্রিকেট থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেট আর খেলবেন না বিরটা কোহলি।
বিরাটের অবসরের সিদ্ধান্ত নিয়ে নানা মুনি নানা মত দিয়ে চলেছেন। উঠে আসছে নানারকম ব্যাখ্যাও। কিংবদন্তি খেলোয়াড়ের অবসরে প্রাক্তন ক্রিকেটাররাও তাঁদের মতামত জানিয়ে চলেছেন। এমনকি পাকিস্তান নিয়ে ব্যস্ত ভারতীয় সেনাদের মধ্যেও চলছে এই নিয়ে আলোচনা।
সোমবার ভারতীয় ডিজিএমও রাজীব ঘাইয়ের (DGMO Rajiv Ghai) পাকিস্তান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন ছিল। সেখানেও উঠে এল বিরাট কোহলি প্রসঙ্গ। রাজীব ঘাই বলেন, “বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অনেক ভারতীয়ের মতো, তিনিও আমার প্রিয় (Favorite Cricketer) ।”
ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে যুদ্ধবিরতির পর আজ উভয়ের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে, তিন সেনাবাহিনীর ডিজিএমওরা একটি প্রেস ব্রিফিং (Press Briefing) করেন, যেখানে পাকিস্তানের সঙ্গে সংঘাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়া হয়। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, “পাকিস্তান ক্রমাগত আমাদের বিমান ক্ষেত্রগুলিতে আক্রমণ চালালেও আমাদের শক্তিশালী বিমান প্রতিরক্ষা গ্রিডের সামনে ব্যর্থ হয়েছে। আমাদের বিমান প্রতিরক্ষা এতটাই শক্তিশালী যে, পাকিস্তানের কোনও সুযোগ ছিল না। গতকাল পাকিস্তানি বিমানঘাঁটির দুর্দশা চিত্র আমরা দেখেছি। আমাদের সব বিমানবন্দরই নিরাপদে রয়েছে। আমি আমাদের সীমান্তরক্ষী বাহিনীরও প্রশংসা করতে চাই।”
সাংবাদিক সম্মেলনে উঠে আসে বিরাটের অবসর প্রসঙ্গও। ডিজিএমও রাজীব ঘাই বলেন, “বিরাটের অবসরের মাধ্যমে আমি আপনাদের কাছে একটি বিশেষ দিক তুলে ধরতে চাই। আজ আমাদের সম্ভবত ক্রিকেট নিয়েও কথা বলা উচিত, কারণ আমি দেখেছি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অনেক ভারতীয়ের মতো, সেও আমার প্রিয় ক্রিকেটার। আমি যখন স্কুলে পড়তাম, ঘটনাটা প্রায় ১৯৭০-এর দশকের। সেই সময় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ (Ashes Series) সিরিজ চলছিল। সেই সময় অস্ট্রেলিয়ার ক্রিকেট (Australia Cricket) ইতিহাসে দু’জন অত্যন্ত দ্রুত বোলার (Fast Bowler) ছিলেন- জেফ থমসন (Jeff Thomson) এবং ডেনিস লিলি (Dennis Lillee)। তাঁরা দু’জনে মিলে ইংরেজ ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ানরা সেই সময় একটি প্রবাদ তৈরি করেছিল- 'ছাই থেকে ছাই এবং ধুলো থেকে ধুলো, যদি থমসন এটা করতে না পারে, লিলি অবশ্যই এটা করবে।”
রাজীব ঘাই পাকিস্তানের পাশাপাশি বিশ্বকেও সতর্ক করে বলেছেন, “এই স্তরটি দেখলে বুঝতে পারবেন আমি থমসন এবং লিলির উদাহরণ দিয়ে কী বলতে চাইছি। শত্রু যদি সমস্ত সিস্টেমকে অতিক্রম করতে সক্ষম হয়, তবুও আপনি বিমানঘাঁটি বা লজিস্টিক ইনস্টলেশন সিস্টেম ভেঙে ফেলতে পারেন। কারণ ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের হাতে লিলি-থমসনের মতো অস্ত্র আছে।”