শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ২০১৩ সালে অবসর নেওয়ার সময় (Sachin Tendulkar Retirement) ড্রেসিং রুমে আর সবাই যখন রংচঙে উপহার বাড়িয়ে দিচ্ছেন, তখনই নীরবে-নিভৃতে বিদায়ী কিংবদন্তির হাতে প্রয়াত বাবার ছেড়ে যাওয়া কাপড়ের সামান্য সুতো তুলে দেন বিরাট কোহলি (Virat Kohli)।

শচিন ও বিরাট
শেষ আপডেট: 12 May 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: একটি সুতো। তাতে জড়িয়ে বাবার স্মৃতি। পিতৃত্বের ঘ্রাণ। সুতো হিসেবে তার কদর কতটুকু? কিন্তু ব্যক্তিগত আবেগ আর অনুভূতির চোখে দেখলে একফালি সুতোই দুই প্রজন্ম আর দুটি সত্তার নাড়ির বাঁধন বেঁধে দেয়।
শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ২০১৩ সালে অবসর নেওয়ার সময় (Sachin Tendulkar Retirement) ড্রেসিং রুমে আর সবাই যখন রংচঙে উপহার বাড়িয়ে দিচ্ছেন, তখনই নীরবে-নিভৃতে বিদায়ী কিংবদন্তির হাতে প্রয়াত বাবার ছেড়ে যাওয়া কাপড়ের সামান্য সুতো তুলে দেন বিরাট কোহলি (Virat Kohli)। দামের নিরিখে যার সিকিমাত্র মূল্য নেই, অথচ ব্যক্তিগত স্মৃতির কুঠুরি থেকে নিয়ত উত্তাপ ছড়ায়!
আজ যখন ১৪ বছর ময়দানে কাটিয়ে, ১২৩টি টেস্টে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নামার পর টেস্টের লড়াইকে বিদায় জানালেন বিরাট কোহলি (Virat Kohli Retirement) তখন এতদিন বাদে নিতান্ত ব্যক্তিগত, গোপনীয় অথচ মহার্ঘ ঘটনার কথা খোলসা করলেন সচিন তেন্ডুলকর। কোহলিকে কুর্নিশ ও শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘টেস্ট থেকে যখন তুমি অবসর নিচ্ছ, আমার মনে পড়ছে তোমার সুচিন্তিত উপহারের কথা। ১২ বছর আগে শেষ টেস্ট খেলতে নামার সময় তুমি তোমার প্রয়াত বাবার কাপড়ের সুতো আমার হাতে তুলে দিয়েছিলে। এমন ব্যক্তিগত জিনিস নিতে অস্বস্তি হচ্ছিল। কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত তা আমার সঙ্গে রয়ে গিয়েছে। এখন প্রতিদানে কোনও সুতো ফিরিয়ে দিতে পারছি না ঠিকই। কিন্তু আমার গভীর সমাদর ও শুভেচ্ছা রইল তোমার জন্য।‘
এরপর শচিন যোগ করেছেন, ‘কী দুর্দান্ত টেস্ট কেরিয়ার! তুমি ভারতীয় ক্রিকেটকে রান ছাড়াও অনেক কিছু দিয়েছ। দেশ পেয়েছে নতুন প্রজন্মের ক্রিকেটার আর ভক্তদের। স্পেশাল টেস্ট কেরিয়ারের জন্য তোমায় শুভেচ্ছা জানাই।‘
প্রসঙ্গত, শনিবার সামনে এসেছিল, টেস্ট (Test Cricket) থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন। বোর্ডের কাছে একথা জানিয়েও দিয়েছেন।
৪৮ ঘণ্টা কাটতে না কাটতে সেই জল্পনাই সত্যি হয়। আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের ঘোষণা (Virat Kohli Retirement) করেছেন বিরাট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লম্বা পোস্টে টেস্ট ক্রিকেটকে আলবিদার কথা জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘১৪ বছর আগে টেস্টের জার্সি প্রথম পরেছিলাম। কখনও ভাবিনি এই সফর এতটা লম্বা হতে চলেছে। এই জার্নি আমার পরীক্ষা নিয়েছে, আমায় গড়ে তুলেছে, জীবনের শিক্ষা দিয়েছে।‘
কতটা কঠিন ছিল এই ঘোষণা? তা খোলসা করতে গিয়ে কোহলি লিখেছেন, ‘ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হয়েছে। আমার যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি। এর প্রতিদানে যা পেয়েছি, কল্পনাও করিনি তা কোনও পাব বলে।‘
সবশেষে ধন্যবাদ জানানোর সুরে জুড়ে দিয়েছেন, ‘একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমি চলে যাচ্ছি। খেলার জন্য, যাঁদের সঙ্গে খেলেছি তাঁদের জন্য এবং যে সমস্ত অনুরাগী আমায় এতদিন উজ্জীবিত রেখেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার টেস্ট কেরিয়ারের দিকে সব সময় হাসিমুখেই ফিরে তাকাব।‘
উল্লেখ্য, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কোহলির। তিন বছর বাদে দলের অধিনায়ক নির্বাচিত হন। এরপর দলকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন (ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ)। হেরেছেন মাত্র ১৭টি ম্যাচ। জয়ের হার ৫৮.৮২%। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোহলিই সবচেয়ে সফল অধিনায়ক। শেষ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। বর্ডার-গাভাসকার ট্রফিতে একটি সেঞ্চুরি করলেও ছন্দে ছিলেন না কোহলি। যার জেরে ঘরে-বাইরে সমালোচনাও শুরু হয়।