প্রশ্ন একটাই—ভারত কি আজই জয় ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়বে, নাকি অপেক্ষা গড়াবে পঞ্চম দিনে?

জাস্টিন গ্রিভস
শেষ আপডেট: 13 October 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দীর্ঘ প্রতিরোধের পর অবশেষে খতম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিনের বিকেলে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) শর্ট বল উপরে তুলে দিলেন জেডেন সিলস (Jayden Seales), যা সরাসরি গিয়ে জমা হল ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) হাতে। শেষ প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াই। এখন ভারতের সামনে সহজ সমীকরণ—জিততে গেলে তুলতে হবে ১২১ রান। আজকেই সবকিছু পাকা করতে চাইলে হাতে ১৮ ওভার। সিরিজ ২–০ করার লক্ষ্য আপাতত নাগালের মধ্যেই।
ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি, জাস্টিন গ্রিভস (Justin Greaves) ও জেডেন সিলস, ভারতীয় বোলারদের যথেষ্ট পরীক্ষা নিয়েছেন। নবম উইকেটে লম্বা পার্টনারশিপ। শুভমান গিল (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় বাহিনী চায়ের পর তেতে থাকলেও উইকেট মিলছিল না কিছুতেই। একসময় মনে হচ্ছিল, ম্যাচ বুঝি হাত ছেড়ে বেরতে পারে। জাগে সংশয়ও: ফলো অনের সিদ্ধান্ত ব্যুমেরাং হল না তো? অবশেষে বুমরার অফ–কাটারে কাটে দুশ্চিন্তার মেঘ।
দিনের শুরুটা কিন্তু ভারতের নিয়ন্ত্রণেই ছিল। তৃতীয় দিনের শেষে ফলো-অন চাপিয়ে টিম ইন্ডিয়া আশায় ছিল দ্রুত ইনিংস শেষ করার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, বিশেষ করে রোস্টন চেজ (Roston Chase) ও জাস্টিন গ্রিভস, অসাধারণ লড়াই দেখালেন। ৯০তম ওভারের পর থেকে কুলদীপ যাদব (Kuldeep Yadav) তিন উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরান। তবু শেষ জুটি আর ভাঙতে পারছিলেন না কেউ-ই।
চাপ বাড়ছিল। ধ্রুব জুরেল (Dhruv Jurel) কয়েকটি ক্যাচ ফেললেন, বোলারদের শরীরী ভাষাতেও ক্লান্তি স্পষ্ট। এমনকি শুভমানের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠল—নীতীশ রেড্ডি (Nitish Reddy) পুরো ইনিংসে এক ওভারও বল করলেন না কেন? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়। কুলদীপ লম্বা স্পেলে ১০০ রানের বেশি খরচ করেন, জাদেজা (Ravindra Jadeja) চেষ্টা করেও সাফল্য পাচ্ছিলেন না।
দুপুরের পর পরিস্থিতি আরও বিগড়ে যায়। শেষ উইকেট জুটিতে গ্রিভস হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান, সিলস মারেন একদম ক্লাসিক পুল শট—সরাসরি বুমরাহর বল সীমানার বাইরে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের লিডও ছাড়ায় একশোর ঘর। এক সময় মনে হচ্ছিল, ভারতকে চতুর্থ ইনিংসে ১৩০–১৪০ রানের লক্ষ্য নিয়ে নামতে হতে পারে। কিন্তু অবশেষে বুমরাহর ফিরে আসাতেই দৃশ্যবদল। নতুন বলের গতি বুঝতে না পেরে সিলস ভুল করে বাতাসে বল তুলতেই ক্যাচ আউট! ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামে ৩৯০ রানে (ফলো-অন)। প্রথম ইনিংসের ২৪৮ যোগ করে মোট সংগ্রহ ৬৩৮। ফলে ভারতের জয়ের লক্ষ্য ১২১ রান।
এখন সব নজর ভারতের ওপেনারদের দিকে। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ইতিমধ্যে ড্রেসিংরুমে প্রস্তুত হচ্ছেন। ১৮ ওভার বাকি। তাই প্রশ্ন একটাই—ভারত কি আজই জয় ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়বে, নাকি অপেক্ষা গড়াবে পঞ্চম দিনে?