দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান চার উইকেট হারিয়ে ১৪০। এখনও ভারতের প্রথম ইনিংসের থেকে ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।

রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল
শেষ আপডেট: 11 October 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্ট সিরিজের প্রথমটি আমদাবাদে শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। ভারত জিতেছিল এক ইনিংস ও ১৪০ রানে। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে (India vs West Indies Second Test, Second Day) ভাবগতিক দেখে মনে হচ্ছে জয়ের জন্য টিম ইন্ডিয়ার অপেক্ষার প্রহর কিছুটা হলেও বাড়বে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ আমদাবাদের মতো ভেঙে পড়েনি দিল্লিতে। কিছুটা হলেও প্রতিরোধ দেখাতে পেরেছে ক্যারিবিয়ান টপ অর্ডার। তবে রস্টন চেজ ব্রিগেড শেষ বেলায় পরপর দুই উইকেট হারানোয় ম্যাচ রাশ যে পুরোপুরি ভারতের হাতে, এটা বলাই যায়।
ভারত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ঘোষণা করে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান চার উইকেট হারিয়ে ১৪০। এখনও ভারতের প্রথম ইনিংসের থেকে ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
প্রথম ইনিংসে প্রত্যেক ভারতীয় ব্যাটারই রান পেয়েছেন। দুরন্ত শতক হাঁকিয়েছেন অধিনায়ক শুভমান গিল (১২৯ অপরাজিত) ও ওপেনার যশস্বী জয়সওয়াল (১৭৫)। ৮৭ রান করে অল্পের জন্য শতক মিস করেছেন সাই সুদর্শন। এছাড়া লোকেশ রাহুল (৩৮), নীতীশ রেড্ডি (৪৩), ধ্রুব জুড়েলও (৪৪) রান পেয়েছেন। ৯৮ রানে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন ওয়ারিকান।
এদিন ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। দলীয় ২১ রানে জাড্ডুর বলে সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে ১০ রান করে ফিরে যান জন ক্যাম্পবেল। দ্বিতীয় উইকেটের জুটিতে ৬৬ রান যোগ করেন তেগনারায়ণ চন্দ্রপাল ও অলিক অ্যাথনজে। ৩৪ রান করে জাদেজার শিকার হন চন্দ্রপাল। অ্যাথনজেকে (৪১) ফেরান কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজকে খাতা খোলার আগেই আউট করে নিজের তৃতীয় উইকেটটি তুলে নেন জাদেজা। শাই হোপ ৩১ এবং টেভিন ইমলাচ ১৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি এবং কুলদীপ যাদব একটি উইকেট নেন।